প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
এইচএসসি ২০২৬: উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল, শেষ সময় রোববার দুপুর ১২টা
শহীদুল ইসলাম ||
নিজস্ব প্রতিবেদক:২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। সার্ভারজনিত কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ে অনেক শিক্ষার্থী আবেদন করতে না পারায় আবেদনের সময় এক দিন বাড়িয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।শনিবার (৭ নভেম্বর) রাতে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কারিগরি ত্রুটির কারণে উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়া বিঘ্নিত হয়। এতে অনেক পরীক্ষার্থী আবেদন করতে পারেননি। বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদনের শেষ সময় শনিবার রাত ১২টার পরিবর্তে আগামীকাল রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।এতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে না পারা শিক্ষার্থীরা নতুন সময়সীমার মধ্যে আবেদন করার সুযোগ পাবেন।উল্লেখ্য, গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর সারাদেশে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ জন শিক্ষার্থী।প্রকাশিত ফলাফলে দেখা যায়, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ২ লাখ ৯৮ হাজার ৪০ জন শিক্ষার্থী এক বিষয়ে এবং ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন শিক্ষার্থী দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন।২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন গত ১ নভেম্বর থেকে শুরু হয়েছিল। ৭ নভেম্বর আবেদনের শেষ দিন নির্ধারিত থাকলেও সার্ভার সমস্যার কারণে আবেদন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে। পরবর্তী সময়ে শিক্ষার্থীদের সুবিধার্থে আবেদনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।সংশ্লিষ্টদের পরামর্শ, যেসব শিক্ষার্থী এখনো উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারেননি, তাঁরা যেন রোববার দুপুর ১২টার আগেই নির্ধারিত নিয়মে আবেদন সম্পন্ন করেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব