প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
যাঁদের রক্ত ও ঘামে ভিজেছিল পলাশের ধূসর রাজপথ, আজ অযত্ন-অবহেলায় সেই দুর্দিনের কান্ডারি সাফায়েত ভাইয়ের নীরব কান্না দেখার কেউ নেই!
মোঃ রাজীব শেখ ||
বিস্তারিত:পলাশ উপজেলার মাটি ও মানুষের ইতিহাসে বাংলাদেশ আওয়ামী লীগের যখন নামগন্ধ নেওয়ার মতো কেউ ছিল না, বুক ফুলিয়ে দলের নাম উচ্চারণ করার সাহসটুকুও যখন কারোর ছিল না—সেদিনের সেই প্রলয়ংকরী সময়ে রাজপথের বুক চিরে যিনি অকুতোভয়ে লড়ে গেছেন, তিনি আর কেউ নন, পলাশ উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য ও দলের একনিষ্ঠ ত্যাগী কর্মী সাফায়েত হোসেন ভাই।মনে করিয়ে দিতে হয় সেই ২০০১ সালের বিভীষিকাময় দিনগুলোর কথা। বিএনপির বাঘা বাঘা নেতা আর তাদের সশস্ত্র ক্যাডারদের ভয়ে যখন চারপাশ থমথমে, দলের সাধারণ কর্মীরা তো দূরের কথা, নেতারা পর্যন্ত মুখ লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, নিজের রাজনৈতিক পরিচয়টুকু দিতে বুক কেঁপে উঠত—সেদিন নরসিংদীর পলাশের মাটিতে ওই বাঘা বাঘা নেতাদের সরাসরি চোখে চোখ রেখে কথা বলেছিলেন এই সাফায়েত ভাই। নেতাকর্মীদের আগলে রাখতে নিজের বুক পেতে দিয়েছিলেন গুলির সামনে।রাজনীতিকে তিনি কখনো নিজের স্বার্থ হাসিলের সিঁড়ি বানাননি। বড় কোনো পদ-পদবি বা ক্ষমতার মোহ তাঁকে কখনো স্পর্শ করতে পারেনি। বরং বর্তমান ও সাবেক অনেক শীর্ষ নেতাকে তাঁদের কাঙ্ক্ষিত পদ, সম্মান আর সিংহাসনে বসাতে গিয়ে তিনি বারবার হাসিমুখে নিজের প্রার্থিতা ও পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন। অথচ বড় নির্মম এই পরিণতি! যাঁর ত্যাগের চাদরে আজ অন্যরা সুরক্ষিত, সেই মানুষটাই দীর্ঘ ১৭ বছরের ক্ষমতার পালাবদলে দলের কাছ থেকে বিন্দু পরিমাণ সুযোগ-সুবিধা তো পানইনি, উল্টো জুটেছে চরম অবহেলা, নির্যাতন আর অপমানের গ্লানি।আজ বড় কষ্টের বিষয়, যাঁর রক্তে মিশে আছে বীর মুক্তিযোদ্ধা মরহুম বোরহান উদ্দিন সাহেবের দেশপ্রেমের আদর্শ, সেই সুযোগ্য উত্তরসূরী আজ বঞ্চনা ও অবহেলায় এক মানবেতর জীবনযাপন করছেন। জীবনের পড়ন্ত বেলায় চরম আর্থিক ও শারীরিক কষ্টে দিন কাটালেও তাঁর আত্মসম্মানবোধে একটুও ভাটা পড়েনি। এমন একজন মানুষ, যিনি সারা জীবন দল আর দেশের জন্য নিঃস্বার্থভাবে নিজেকে তিল তিল করে বিলিয়ে দিলেন, আজ বার্ধক্যে এসে তাঁর খোঁজ নেওয়ার মতো আপনজন যেন ফুরিয়ে গেছে!কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আকুল আবেদন:
হে আমাদের কেন্দ্রীয় নীতিনির্ধারক ও শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আপনারা যখন আজ তৃণমূলকে নতুন রূপে সাজানোর উদ্যোগ নিচ্ছেন, একবার এই মানুষটির দিকে ফিরে তাকান। কোনো পদ-পদবি বা ক্ষমতার লোভ না করা সত্ত্বেও পলাশ আওয়ামী লীগের মূল মেরুদণ্ড এই ত্যাগী কর্মীর নীরব কষ্ট ও নিঃসঙ্গতা কি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় না? জীবনের শেষ সায়াহ্নে এসে পলাশের আওয়ামী লীগের এই শিকড় ও মেরুদণ্ডকে একটু সম্মান ও উপযুক্ত মূল্যায়নের আশ্রয়ে ফিরিয়ে নিন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব