প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
আশুলিয়ায় বদ্ধ ঘরে তীব্র দুর্গন্ধের পর অর্ধগলিত লাশ উদ্ধার, খুনের স্বীকারোক্তি স্ত্রীর
মোঃ মোস্তাফিজার রহমান আকাশ, সংবাদদাতা ||
আশুলিয়ায় বদ্ধ ঘরে তীব্র দুর্গন্ধের পর অর্ধগলিত লাশ উদ্ধার, খুনের স্বীকারোক্তি স্ত্রীরআশুলিয়ার মরিচকাটা এলাকার একটি তালাবদ্ধ কক্ষ থেকে মো. হারুন (৩৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধারের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পিবিআই ঢাকা জেলা। এ ঘটনায় জড়িত নিহত ব্যক্তির স্ত্রী মোসা. রত্নাকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। পরে তিনি বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।পুলিশ ও পিবিআই সূত্রে জানা যায়, গত ০৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে আশুলিয়া থানার মরিচকাটা এলাকার জাহিদুল ইসলামের বাড়ির ২য় তলার ৩ নম্বর কক্ষ থেকে তীব্র পচা দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালাবদ্ধ কক্ষের দরজা ভেঙে শয়নকক্ষের ভেতরে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ দেখতে পায়।নিহত মো. হারুন পাবনার ফরিদপুর থানার রতনপুর গ্রামের মো. শাহজাহান সরকার ও মোসা. বেলি বেগমের ছেলে। এ ঘটনায় নিহতের বড় বোন মোসা. সাজেদা বেগম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা (নথি নম্বর-০৫, তাং-০৪/১১/২০২৬ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করেন।পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল, বিপিএম-সেবার দিকনির্দেশনায় এবং পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম, এন, মোর্শেদ, পিপিএম-সেবার তত্ত্বাবধানে মামলাটির ছায়া তদন্ত শুরু হয়। পিবিআইয়ের শিডিউলভুক্ত মামলা হওয়ায় গত ০৭ নভেম্বর পিবিআই স্বউদ্যোগে মামলার তদন্তভার গ্রহণ করে।পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পিবিআই ঢাকা জেলার একটি চৌকস দল আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত মোসা. রত্নাকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে নিহত হারুনের ব্যবহৃত সিম কার্ডসহ একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়।পিবিআইর তদন্ত ও আসামির স্বীকারোক্তি থেকে জানা যায়, ২০০৯ সালে মো. হারুন ও মোসা. রত্নার বিয়ে হয় এবং তাদের দুটি কন্যাসন্তান রয়েছে। একপর্যায়ে হারুন তার স্ত্রী ও সন্তানদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়ে তাদের খরচ দেওয়া বন্ধ করে দেন। পরবর্তীতে রত্না সন্তানদের নিয়ে আশুলিয়ায় এসে জানতে পারেন যে, হারুন আরেকটি বিয়ে করে সেখানে সংসার করছেন। এরপর রত্নাও আশুলিয়ায় এসে পোশাক কারখানায় চাকরি শুরু করেন।ঘটনার দিন গত ৩১ অক্টোবর ২০২৬ রাতে নিহত হারুন রত্নার নিকট থেকে তার দ্বিতীয় স্ত্রীর কাছে যেতে চাইলে রত্না তাতে বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে হারুন রত্নার চুলের মুঠি ধরে সজোরে লাথি মারেন।পরবর্তীতে গত ১ নভেম্বর ভোর রাতে গভীর ঘুমে আচ্ছন্ন থাকা অবস্থায় হারুনের মাথা, মুখ ও শরীরে শিল দিয়ে উপর্যুপরি আঘাত করেন রত্না। এতে ঘটনাস্থলেই হারুনের মৃত্যু হয়। হত্যাকাণ্ড শেষে রত্না ঘরের দরজায় তালা লাগিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।পিবিআই ঢাকা জেলার ইনচার্জ এম, এন, মোর্শেদ, পিপিএম-সেবা জানান, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব