প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
অভিজ্ঞতার ঝুলি নিয়ে চতুর্থবারের চেয়ারম্যান হতে চান আমিনুর রশিদ আমিন
মোঃ রেজাউল করিম , সংবাদদাতা ||
আসন্ন পাথারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বইতে শুরু করেছে উত্তাপ। সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ ও গণসংযোগে মুখরিত হয়ে উঠেছে পুরো ইউনিয়ন। সাধারণ ভোটারদের মুখে মুখে এখন একটাই আলোচনা—কে হচ্ছেন আগামী দিনে পাথারিয়া ইউনিয়নের কান্ডারি। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হেভিওয়েট প্রার্থী, সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এবং ইউনিয়ন পরিষদের তিনবারের সফল সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন।জনপ্রিয় এই নেতা এর আগে পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে টানা দুই মেয়াদে সফলভাবে দায়িত্ব পালনের পাশাপাশি আরও একবারসহ মোট তিনবার তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণের সেবা করেছেন। দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতার ঝুলি এবং জনকল্যাণমূলক কাজের সুবাদে পাথারিয়া ইউনিয়নে তার রয়েছে একটি সুদৃঢ় ও বিশাল ভোট ব্যাংক। এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের বিপদে আপদে সবসময় পাশে থাকায় ভোটারদের একটি বড় অংশের আস্থার প্রতীক হয়ে উঠেছেন তিনি।এলাকার উন্নয়নমূলক অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে আমিনুর রশিদ আমিন চতুর্থবারের মতো আবারও পাথারিয়া ইউনিয়নবাসীর সেবা করার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন। সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের জোরালো দাবির মুখে তিনি আবারও চেয়ারম্যান পদে লড়ার প্রস্তুতি নিচ্ছেন।জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সাহসিকতার সাথে নেতৃত্ব দিয়ে আসা এই নেতা আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র দলীয় সমর্থন প্রত্যাশী। দলীয় সমর্থন পেলে সর্বাত্মক প্রস্তুতি ও বিপুল জনসমর্থন নিয়ে সর্বোচ্চ ভোটে চতুর্থবারের মতো বিজয়ী হবেন বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।দলীয় মনোনয়ন ও নিজের প্রার্থিতা নিয়ে আমিনুর রশিদ আমিন বলেন,আমি সারাজীবন পাথারিয়া ইউনিয়নের সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। অতীতে যখনই দায়িত্ব পেয়েছি, সততা ও নিষ্ঠার সাথে এলাকার উন্নয়ন এবং জনগণের সেবা করার চেষ্টা করেছি। পাথারিয়া ইউনিয়নের আপামর জনতা আমাকে অতীতে যেভাবে ভালোবেসে তিনবার সেবা করার সুযোগ দিয়েছেন, ইনশাআল্লাহ এবারও দলীয় সমর্থনে ও জনগণের রায়ে বিজয়ী হয়ে এলাকার বাকি উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করতে চাই। আমি বিশ্বাস করি, জনরায় এবং দলীয় পরিচয়ের সুবাদে পাথারিয়ার মাটি ও মানুষের সেবা করার সুযোগ আমি আবারও পাবো।
এদিকে আমিনুর রশিদ আমিন এর মতো হেভিওয়েট প্রার্থী মাঠে থাকায় অন্য সম্ভাব্য প্রার্থীদের মধ্যেও শুরু হয়েছে হিসাব-নিকাশ। তবে এই হেভিওয়েট প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বী কে হচ্ছেন বা শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কোন সমীকরণ তৈরি হয়, তা দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। নির্বাচনী তফশিল ঘোষণা ও দিনক্ষণ যত ঘনিয়ে আসবে, পাথারিয়ার রাজনৈতিক দৃশ্যপট ততই স্পষ্ট হবে বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব