প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
হালুয়ারঘাট-ধারারগাঁও সেতু কি আদৌ হবে? পাঁচ লাখ মানুষের স্বপ্ন কি অধরাই থেকে যাবে?
শহীদুল ইসলাম ||
দীর্ঘদিনের প্রতিশ্রুতি ও প্রত্যাশা থাকলেও দৃশ্যমান অগ্রগতি নিয়ে প্রশ্ন, অনিশ্চয়তায় উত্তর পাড়ের মানুষ
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর ও দোয়ারাবাজার উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীর ওপর প্রস্তাবিত হালুয়ারঘাট-ধারারগাঁও সেতু কি আদৌ নির্মিত হবে? নাকি উত্তর পাড়ের প্রায় পাঁচ লাখ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও স্বপ্ন কেবল আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সুনামগঞ্জের উত্তর পাড়ের মানুষের মধ্যে।
সেতুটি নির্মাণের দাবি দীর্ঘদিনের। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ অবকাঠামো নিয়ে এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতির অভাব স্থানীয় মানুষের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা তৈরি করেছে। প্রতিদিন নদী পারাপারের ভোগান্তি, সময়ের অপচয় এবং ঝুঁকি নিয়েই জেলা শহরের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হচ্ছে কয়েক লাখ মানুষকে।
প্রস্তাবিত সেতুটি নির্মিত হলে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা, জাহাঙ্গীরনগর ও রঙ্গারচর ইউনিয়ন এবং দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ও লক্ষ্মীপুর ইউনিয়নের মানুষের যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। জেলা শহরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও পর্যটনসহ বিভিন্ন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
বিশেষ করে উত্তর পাড়ের কৃষিনির্ভর অর্থনীতির জন্য সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট এলাকায় প্রতিবছর বিপুল পরিমাণ শীতকালীন সবজি উৎপাদিত হয়। স্থানীয়দের দেওয়া তথ্যমতে, বছরে প্রায় ৫০ কোটি টাকার সবজি উৎপাদিত হয় এই অঞ্চলে। কিন্তু নদী পারাপার ও পরিবহন সংকটের কারণে কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে নানা সমস্যায় পড়তে হয়। সেতু নির্মিত হলে কৃষিপণ্য সরাসরি দেশের বিভিন্ন বাজারে পাঠানো সহজ হবে এবং কৃষকরা ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন।
শুধু কৃষি নয়, জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রেও সেতুটির গুরুত্ব অপরিসীম। বর্তমানে রাতের বেলা কিংবা বর্ষা মৌসুমে গুরুতর অসুস্থ রোগীকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা অনেক সময় দুরূহ হয়ে পড়ে। সেতু নির্মিত হলে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন চলাচলের সুযোগ সৃষ্টি হবে। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত এবং স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনযাত্রাও সহজ হবে।
এ অঞ্চলে রয়েছে ডলুরার মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ, সীমান্তবর্তী বর্ডার হাট, শাহ আরেফিনের আস্তানা এবং মঙ্গলকাটা বাজারসহ নানা সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র। উন্নত যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠিত হলে এসব স্থানে পর্যটকদের যাতায়াত বাড়বে। পাশাপাশি সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও ভবিষ্যতে শুল্ক স্টেশন প্রতিষ্ঠার সম্ভাবনাও তৈরি হতে পারে।
কিন্তু প্রশ্ন হচ্ছে, এত সম্ভাবনা থাকা সত্ত্বেও সেতু নির্মাণের উদ্যোগ কেন দৃশ্যমান হচ্ছে না?
স্থানীয় মানুষের প্রত্যাশা, সংশ্লিষ্ট সংসদ সদস্য, জনপ্রতিনিধি, জেলা প্রশাসন এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবে। সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই, কারিগরি সমীক্ষা, প্রকল্প প্রণয়ন, অর্থায়ন ও বাস্তবায়নের সুনির্দিষ্ট রূপরেখা প্রকাশ করা হবে। সাবেক এমপি ডক্টর মুহাম্মদ সাদিক মহোদয়ের সময় উত্তর পাড়ের মানুষ সামান্য আশার আলো দেখলেও বর্তমান নুরুল ইসলাম নুরুল (এমপি) সাহেবের আমলে সেই আশাটুকুও মুয্যুমান হয়ে যাচ্ছে। নামকাওয়াস্তে জাতীয় সংসদে একবার এই ব্রিজের প্রয়োজনীয়তা সংসদে উত্থাপন করলেও পরবর্তীতে এই ব্রিজের ব্যাপারে আদৌ কোন পদক্ষেপ নিয়েছে কিনা জনগণের কাছে অজানাই রয়ে গেছে। এলাকার জনগণের প্রশ্ন অন্যান্য এমপিরা দুই হাত ভরে নিজের সংসদীয় আসনে বিভিন্ন উন্নয়নমূলক এলোটমেন্ট আনতে পারলেও তাদের এমপি শুধু একটি ড্রেইন বা কালভার্ট বিতর্কে আবদ্ধ হয়ে আছে কেন?
মানুষ জানতে চায়, সেতুটির কোনো সম্ভাব্যতা সমীক্ষা হয়েছে কি না, প্রকল্প প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে কি না, সরকারি উন্নয়ন পরিকল্পনায় এটি অন্তর্ভুক্ত হয়েছে কি না এবং বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা কত?
এসব প্রশ্নের স্পষ্ট উত্তর দেওয়া এখন সময়ের দাবি।
উন্নয়নের বড় বড় প্রতিশ্রুতির চেয়ে মানুষের কাছে বাস্তব উন্নয়নই বেশি গুরুত্বপূর্ণ। উত্তর সুনামগঞ্জের মানুষের কাছে হালুয়ারঘাট-ধারারগাঁও সেতু কোনো বিলাসী প্রকল্প নয়; এটি তাদের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি মৌলিক অবকাঠামোগত দাবি।
প্রায় পাঁচ লাখ মানুষের যোগাযোগ, কৃষি অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের সম্ভাবনা জড়িয়ে থাকা এই সেতু নিয়ে আর কতদিন অপেক্ষা করতে হবে? নদীর দুই পাড়ের মানুষ কি আরও কয়েক বছর খেয়া পারাপারের ওপর নির্ভরশীল থাকবে?
এখন সময় এসেছে আশ্বাসের পরিবর্তে কার্যকর পদক্ষেপ নেওয়ার। হালুয়ারঘাট-ধারারগাঁও সেতু নির্মাণের বাস্তব অবস্থা, সরকারি পরিকল্পনা ও বাস্তবায়নের সম্ভাবনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুস্পষ্ট বক্তব্য প্রয়োজন।
উত্তর পাড়ের মানুষের একটাই প্রশ্ন হালুয়ারঘাট-ধারারগাঁও সেতু কি সত্যিই হবে, নাকি এটি আরও একটি অপূর্ণ স্বপ্ন হয়েই থেকে যাবে? নাকি আগামী নির্বাচনের টার্ম কার্ড হয়েই থাকবে যা স্বাধীনতার পর থেকে হয়ে আসছে !
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব