প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
অহিদুল ইসলাম , সংবাদদাতা ||
মুন্সীগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় শুরুতে পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং পুলিশের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে মাদকের বিস্তার রোধ, চুরি-ডাকাতি প্রতিরোধ, শহরের যানজট নিরসন এবং স্পর্শকাতর এলাকাগুলোতে পুলিশি টহল জোরদারের দাবি জানান।জবাবে পুলিশ সুপার বলেন, ‘সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ।’ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিরসন, জঙ্গিবাদ, চাঁদাবাজি, মাদক, ছিনতাই, চুরি ও ডাকাতি প্রতিরোধে পুলিশ দৃঢ়ভাবে কাজ করবে। পাশাপাশি সাইবার বুলিং প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।তিনি আরও বলেন, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধ, অনলাইন জুয়া বন্ধ এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।পুলিশ সুপার গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করলে অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হবে। এ সময় তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ বিল্লাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মোঃ ইমরান আহম্মেদ পিপিএম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) মোঃ আকবর আলী, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব