প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে সাংবাদিকদের ভূমি কর্মকর্তার হুমকি "গুন্ডামী করুইন? ঢুহায়া দিয়াম?"
কে এম নূহ পারভেজ বিজয় , গণমাধ্যম কর্মী ||
নিজের বাবার জমির খারিজসংক্রান্ত তথ্য জানতে গিয়ে সাংবাদিক অনিক খানের হেনস্তার অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি। সাংবাদিকদের আটকে রাখা, মারধর ও কারাগারে পাঠানোর হুমকির অভিযোগে প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা দাবি।সরকারি দপ্তর কি সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার জায়গা, নাকি দায়িত্বের চেয়ারে বসে ক্ষমতার দাপট দেখানোর কেন্দ্র? ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসে সাংবাদিক অনিক খানের সঙ্গে ঘটে যাওয়া কথিত অপ্রীতিকর ঘটনাকে ঘিরে জনমনে এমন প্রশ্নই ক্রমশ জোরালো হচ্ছে। নিজের বাবার জমির খারিজসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে গিয়ে ভূমি অফিসের নায়েব আবুল কালামের কাছে গেলে তাঁকে হেনস্তার শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তথ্য জানতে চাওয়াকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কর্মকর্তা উত্তেজিত হয়ে ওঠেন এবং একপর্যায়ে অফিসের ফটক বন্ধ করে কর্মচারীদের মাধ্যমে সাংবাদিককে আটকে রাখার চেষ্টা করা হয়। বিষয়টি জানতে পেরে অন্য সাংবাদিকেরা প্রতিবাদ জানাতে এগিয়ে এলে তাঁদের বেঁধে পেটানো এবং কারাগারে পাঠানোর হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন সাংবাদিকেরা।ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে সংশ্লিষ্ট কর্মকর্তার হুমকিমূলক বক্তব্য রয়েছে বলে দাবি করা হয়েছে। একজন নাগরিক তাঁর নিজস্ব সম্পত্তির তথ্য জানতে সরকারি অফিসে যাবেন, অথচ তাঁকে সেখানে অপমান, ভয়ভীতি কিংবা বাধার মুখে পড়তে হবে—এমন পরিস্থিতি কোনোভাবেই একটি দায়িত্বশীল প্রশাসনিক ব্যবস্থার পরিচয় হতে পারে না। সরকারি কর্মকর্তা জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করেন, ব্যক্তিগত কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য নয়। নাগরিকের প্রশ্নের উত্তর দেওয়া, সেবার নিয়ম ব্যাখ্যা করা এবং আইনসম্মত সহযোগিতা নিশ্চিত করাই তাঁদের দায়িত্ব। সেই জায়গায় হুমকি কিংবা হয়রানির অভিযোগ ওঠা অত্যন্ত উদ্বেগজনক।ঘটনার গুরুত্ব আরও বেড়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ঘিরে অতীতের অভিযোগ সামনে আসায়। গত ৩ সেপ্টেম্বর এশিয়ান টেলিভিশনের ময়মনসিংহ জেলা প্রতিনিধি আবুল মনসুর অভিযোগ করেছিলেন, একটি আর্থিক লেনদেনসংক্রান্ত বিষয়ে বক্তব্য জানতে গেলে তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলা এবং তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় তিনি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও দিয়েছিলেন। এর বাইরেও গত অক্টোবর মাসে সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম, ঘুষ লেনদেন ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এসব অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন। তবে একই ব্যক্তিকে ঘিরে বারবার এমন অভিযোগ ওঠার পরও প্রশাসন কার্যকর অনুসন্ধান করেছে কি না, সেই প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।ময়মনসিংহ জেলা প্রশাসনের প্রতি জোরালো দাবি, এই ঘটনাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। ছড়িয়ে পড়া ভিডিওর সত্যতা যাচাই, ভূমি অফিসের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ ও পর্যালোচনা, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ এবং পূর্ববর্তী লিখিত অভিযোগগুলো পুনরায় খতিয়ে দেখে দ্রুত নিরপেক্ষ তদন্ত করতে হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রচলিত আইন ও প্রশাসনিক বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে অভিযোগকারী সাংবাদিক ও সেবাগ্রহীতারা যেন কোনো ধরনের প্রতিশোধমূলক হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে।যে দপ্তরে মানুষ নিজের অধিকার প্রতিষ্ঠার আশায় যান, সেখানে যদি ভয়ভীতি, অপমান ও ক্ষমতার দাপটের অভিযোগ ওঠে, তাহলে সেই দপ্তরের সেবাব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা নাগরিকের ন্যায্য অধিকার। ময়মনসিংহের এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা এখন সময়ের দাবি।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব