প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
পরিকল্পিত নগরায়ণে স্থানীয় সরকারকে শক্তিশালী করার তাগিদ
হাসান মহমুদ, সংবাদদাতা ||
পরিকল্পিত ও টেকসই নগরায়ণ নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, নগর উন্নয়নে সিদ্ধান্ত গ্রহণ ও পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে যথাযথ গুরুত্ব না দেওয়ায় অপরিকল্পিত নগরায়ণ বাড়ছে। এর ফলে নাগরিক সেবা, পরিবেশ ও নগরের বাসযোগ্যতা ক্রমাগত চ্যালেঞ্জের মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় পর্যায়ে জনঅংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি জাতীয় ও স্থানীয় উন্নয়ন পরিকল্পনার মধ্যে সমন্বয় প্রয়োজন।গত শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ (ইউডিজেএফবি) আয়োজিত ‘পরিকল্পিত ও টেকসই নগরায়ণে স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক নগর সংলাপে বক্তারা এসব কথা বলেন।সংগঠনের সভাপতি মতিন আব্দুল্লাহর সভাপতিত্বে সংলাপটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাসান ইমন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী ও পরিকল্পনাবিদ মো. নুরুল্লাহ।‘বাংলাদেশে পরিকল্পিত টেকসই নগরায়ণে স্থানীয় সরকারের ভূমিকা: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক প্রবন্ধে মো. নুরুল্লাহ বলেন, বাংলাদেশে নগরায়ণের গতি বাড়লেও তা যথাযথ পরিকল্পনা ও সমন্বিত ব্যবস্থাপনার আওতায় পরিচালিত হচ্ছে না। দেশের মোট জনসংখ্যার প্রায় ৪২ দশমিক ৬ শতাংশ নগর এলাকায় বসবাস করছে। দ্রুত নগরায়ণের ফলে পরিবেশগত, সামাজিক ও অবকাঠামোগত সংকটও বাড়ছে।প্রবন্ধে বলা হয়, ১৯৬৫ সালে নগর উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য ছিল জাতীয় নগর উন্নয়ন কৌশল প্রণয়ন, নতুন প্রবৃদ্ধি কেন্দ্র চিহ্নিত করা, নগর ও শিল্প এলাকার পরিকল্পনা তৈরি এবং স্থানীয় কর্তৃপক্ষকে পরিকল্পনা বিষয়ে পরামর্শ দেওয়া। একই সঙ্গে টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং আইন প্রণয়নের লক্ষ্যও ছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নগর ও গ্রাম পরিকল্পনা আইন এবং জাতীয় ভৌত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে ওঠেনি।দেশের প্রথম ও দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় নগর ও গ্রাম পরিকল্পনা আইন, জাতীয় ভৌত পরিকল্পনা, জাতীয় ভৌত পরিকল্পনা কাউন্সিল এবং পরিকল্পনাবিদদের নেতৃত্বে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পেয়েছিল। কিন্তু এসব উদ্যোগ বাস্তবায়িত না হওয়ায় অবকাঠামো উন্নয়ন সমন্বিত পরিকল্পনার পরিবর্তে বিচ্ছিন্নভাবে পরিচালিত হচ্ছে বলে প্রবন্ধে উল্লেখ করা হয়।স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্ষমতা প্রসঙ্গে প্রবন্ধে বলা হয়, দেশে ৪ হাজার ৫৭৯টি ইউনিয়ন পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৬১টি জেলা পরিষদ, ৩৩১টি পৌরসভা ও ১৩টি সিটি করপোরেশনসহ মোট ৫ হাজার ৪৭৯টি স্থানীয় সরকার প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান পরিচালনা ও তদারকির জন্য স্থানীয় সরকার বিভাগের বিদ্যমান জনবল কাঠামো পর্যাপ্ত নয়। পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে পরিকল্পনাবিদ ও দক্ষ কারিগরি জনবলের ঘাটতি পরিকল্পিত উন্নয়নের অন্যতম অন্তরায়।নগর এলাকার পরিকল্পিত উন্নয়নে পৌরসভা ও সিটি করপোরেশনের জন্য মহাপরিকল্পনা প্রণয়ন, অনুমোদিত জোনিং ম্যাপ অনুসারে ভূমি ব্যবহার নিশ্চিত করা এবং গ্রামীণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য পাঁচসালা পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে প্রবন্ধে ১০টি সুপারিশ তুলে ধরা হয়। এগুলোর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভৌত বা স্থানিক পরিকল্পনা সেল গঠন, নগর ও গ্রাম পরিকল্পনা আইন প্রণয়ন, জাতীয় ভৌত পরিকল্পনা তৈরি, নগর ও গ্রাম পরিকল্পনা অধিদপ্তর প্রতিষ্ঠা, জাতীয় ভৌত পরিকল্পনা কাউন্সিল গঠন, স্থানিক পরিকল্পনা আইন-২০২৬ সংশোধন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জন্য জোনিং ম্যাপ প্রণয়ন, স্থানীয় সরকার অধিদপ্তর গঠন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনবল কাঠামো যৌক্তিকীকরণ এবং প্রতিটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে পরিকল্পনা বিভাগ প্রতিষ্ঠা।সংলাপে আলোচক হিসেবে বক্তব্য দেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান। তিনি বলেন, নগর উন্নয়নে সিদ্ধান্ত নিচ্ছে আমলানির্ভর কর্তৃপক্ষ। পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের প্রক্রিয়ায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ উপেক্ষা করা হচ্ছে। এতে একদিকে অপরিকল্পিত নগরায়ণ বাড়ছে, অন্যদিকে নাগরিক সেবা ও পরিবেশের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। এভাবে চলতে থাকলে শহরগুলোর বাসযোগ্যতা ধরে রাখা কঠিন হয়ে পড়বে।পাঁচ সাংবাদিক পেলেন বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ডনগর সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সংলাপ শেষে চারটি ক্যাটাগরিতে পাঁচজন সাংবাদিককে ‘বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়।নগর পরিকল্পনা ক্যাটাগরিতে রাশেদুল হাসান (ডেইলি সান), নগর সংস্থার সেবা ও দুর্ভোগ ক্যাটাগরিতে মোস্তাফিজুর রহমান (ঢাকা মেইল), নগর সংস্থার অনিয়ম ও দুর্নীতি ক্যাটাগরিতে মো. জাহিদুল ইসলাম (কালের কণ্ঠ) ও লতিফুল ইসলাম (এশিয়া পোস্ট) এবং টেলিভিশন বিভাগে গিয়াস উদ্দিন সজিব (চ্যানেল ২৪) পুরস্কার পান। বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইউডিজেএফবির নিয়মিত প্রকাশনা ‘ঢাকাই’ ম্যাগাজিনের ষষ্ঠ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব