প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
সীমান্তে বিজিবির অভিযান, ৮৫ কোটি টাকার মালামাল জব্দ
সুলতান আল এনাম ||
দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বড় ধরনের সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যশোর রিজিয়নের কুষ্টিয়া ও খুলনা সেক্টরের আওতাধীন সাতটি ব্যাটালিয়নের অভিযানে গত সেপ্টেম্বর ২০২৬ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৮৪ কোটি ৯৬ লাখ ২৪ হাজার ২৪৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এসব অভিযানে আটক করা হয়েছে ১৫৭ জনকে।জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৯ দশমিক ৩৫১ কেজি স্বর্ণ, পাঁচটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি, ৩ হাজার ৫২ বোতল বিদেশি মদ, ২ দশমিক ৪২৮ কেজি হেরোইন, ১৮৯ দশমিক ৮৯ কেজি গাঁজা, ৬৮ হাজার ৭৭০ পিস ইয়াবা, ১ হাজার ১৭ বোতল ফেনসিডিল, ৭ দশমিক ০৯৭ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ হাজার ৫৬০ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ৩ লাখ ২২ হাজার ৯০৫ পিস ভারতীয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট।এদিকে, ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বিশেষ সাফল্য দেখিয়েছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। একই সময়ে ব্যাটালিয়নটির অভিযানে ৩ কোটি ৭৯ লাখ ৪৫ হাজার ৯৬৯ টাকা মূল্যের মাদক ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এ সময় ১৭ জন আসামিকে আটক করা হয়।৫৮ বিজিবির অভিযানে জব্দ করা উল্লেখযোগ্য মালামালের মধ্যে রয়েছে দুটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি, ৫৭৫ দশমিক ০৩ গ্রাম স্বর্ণ, ১ হাজার ১১৯ বোতল বিদেশি মদ, ৬ হাজার ৭৩২ পিস ইয়াবা, ৪৯ দশমিক ৭২ কেজি গাঁজা এবং বিভিন্ন ধরনের ৮ হাজার ৩৬১ পিস নেশাজাতীয় ট্যাবলেট।বিজিবি জানায়, বাংলাদেশের মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে ভারতের সঙ্গে ৪ হাজার ১৫৬ কিলোমিটার এবং মিয়ানমারের সঙ্গে ২৭১ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকা কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার বিস্তৃত। এ বিশাল সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করছেন।শুধু মাদক ও চোরাচালান দমন নয়, অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও সীমান্ত দিয়ে অবৈধ পারাপার প্রতিরোধেও সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে বিজিবি। ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং স্থানীয় প্রশাসন ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।এছাড়া ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি এবং পাচার প্রতিরোধেও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে বাহিনীটি। সীমান্তসংক্রান্ত বিরোধ ও অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনে প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমেও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।বিজিবির মহাপরিচালকের ঘোষিত ভিশন—‘বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক’ বাস্তবায়নে দক্ষিণ-পশ্চিম রিজিয়নের প্রতিটি সদস্য দৃঢ়প্রতিজ্ঞ বলে জানানো হয়েছে।বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে শুধু বিজিবির একক প্রচেষ্টা যথেষ্ট নয়। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সমাজ এবং সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় বিজিবির প্রতিটি সদস্য দায়িত্ব পালনে সর্বদা অঙ্গীকারবদ্ধ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব