প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
গজারিয়ায় মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রীর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
অহিদুল ইসলাম , সংবাদদাতা ||
মুন্সীগঞ্জের গজারিয়ায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ আমিন উর রশিদ। বুধবার (২৬ আগস্ট ২০২৬) দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মন্ত্রী প্রথমে গজারিয়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি, গজারিয়া, মুন্সীগঞ্জের আয়োজনে নদীবিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রান্তিক খামারিদের দুই দিনব্যাপী সুফলভোগী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ দেলোয়ার হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকবৃন্দ এবং মুন্সীগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
অনুষ্ঠানে বক্তারা দেশের আর্থসামাজিক ও সামগ্রিক উন্নয়ন, কৃষক ও কৃষিখাতের সমস্যা ও সম্ভাবনা এবং প্রাণিসম্পদ ও মৎস্য খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে বিভিন্ন বাস্তবসম্মত দিক তুলে ধরেন।
প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের পর মন্ত্রী প্রান্তিক খামারিদের মাঝে বকনা গরু ও দানাদার খাদ্য এবং কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। পরে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
এরপর মেঘনা নদীর শাখানদী ফুলদী নদীর খালে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন মন্ত্রী।
দিনব্যাপী এসব কর্মসূচিতে মুন্সীগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম উপস্থিত ছিলেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) জনাব মোঃ ইমরান আহম্মেদ পিপিএম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, গজারিয়া থানার অফিসার ইনচার্জ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব