প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
তাড়াইলে জামগাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সুলাইমান আহমদ, সংবাদদাতা ||
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাজলা (বগারবাইদ) গ্রামে বাড়ির পাশের একটি জামগাছ থেকে আবদুর রউফ (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা গাছের ডালে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে আবদুর রউফকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় দেখতে পান। সকাল ৬টার দিকে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে যায়।নিহত আবদুর রউফ কাজলা (বগারবাইদ) গ্রামের মৃত আবদুল কাদিরের ছেলে। তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়েকে রেখে গেছেন।পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোরের দিকে বাড়ির অদূরে জামগাছের একটি ডালে আবদুর রউফের ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের লোকজন। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে সকাল ৭টার দিকে তাড়াইল থানা পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।তাড়াইল থানার উপপরিদর্শক (এসআই) রিপন সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। আবদুর রউফ দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।এদিকে স্থানীয় কয়েকজনের দাবি, পুলিশকে অবহিত না করেই পরিবারের সদস্যরা মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন। পরে বিষয়টি পুলিশের নজরে এলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।এসআই রিপন সরকার বলেন, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর আবদুর রউফের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব