প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
দেবগ্রামে বিদ্যুতের তার থেকে আগুন, পুড়ল তিন পরিবারের ঘর
মোঃ রেজাউল করিম , সংবাদদাতা ||
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের দেবগ্রামে বিদ্যুতের তার থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন পরিবারের বসতঘর পুড়ে গেছে। ভয়াবহ এ আগুনে ঘরে থাকা আসবাবপত্র, ধান-চাল, কম্পিউটার, ল্যাপটপ, দোকানের মালামালসহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।শুক্রবার দুপুরে দেবগ্রাম এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গ্রামের সুকেশ দেব, বাবুল দেব ও কৃষ্ণ দেবের বসতঘর পাশাপাশি। দুপুরে প্রথমে সুকেশ দেবের ঘরে বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের বাবুল দেব ও কৃষ্ণ দেবের ঘরেও ছড়িয়ে পড়ে।আগুনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নেভানোর কাজে অংশ নেন। পরে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই থেকে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই তিন পরিবারের বসতঘর ও ঘরে থাকা অধিকাংশ মালামাল পুড়ে যায়।
শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ ফজল মিয়া অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বসতঘরে থাকা কম্পিউটার, ল্যাপটপ, দোকানের মালামাল, ধান-চালসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে গেছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব