প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
দৌলতপুরে মাদকবিরোধী তৎপরতায় ককটেল বিস্ফোরণ ও গুলি: পিস্তল-ককটেলসহ যুবক গণপিটুনিতে আহত
শামীম হাসান খান , গণমাধ্যম কর্মী ||
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর বেলতলা এলাকায় মাদকসেবীদের হামলায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে এলাকাবাসীর সাহসিকতায় বিদেশি পিস্তল ও ককটেলসহ রকি হোসেন (২২) নামের এক অস্ত্রধারীকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আটক রকি সিরাজনগর এলাকার মৃত বজলুর রহমানের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজনগর এলাকায় মাদক কারবার বৃদ্ধি পাওয়ায় গত বৃহস্পতিবার মাদকবিরোধী মিছিল করেন সচেতন এলাকাবাসী। এরই জের ধরে শুক্রবার রাতে স্থানীয় একটি বাঁশবাগানে মাদকের আড্ডায় প্রতিবাদ জানাতে গেলে রকি ও তার সহযোগীরা আতঙ্ক ছড়াতে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং গুলি বর্ষণ করে। সে সময় এলাকাবাসী ধাওয়া দিয়ে রকিকে একটি বিদেশি পিস্তল ও ককটেলসহ ধরে ফেলে গণপিটুনি দেয়। এতে তার হাত ভেঙে যায় এবং অন্য সহযোগীরা পালিয়ে যায়।খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রকিকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, অস্ত্র ও ককটেলসহ আটক যুবককে চিকিৎসার পাশাপাশি তার বিরুদ্ধে মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব