প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুমারখালীতে পার্কে মদ্যপানে বাঁধা দেওয়ায় যুবককে কুপিয়ে আহত
শামীম হাসান খান , গণমাধ্যম কর্মী ||
কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই ইকো পার্কে প্রকাশ্যে মদ্যপানে বাধা দেওয়ার জেরে আল রাব্বী (২০) নামে এক দিনমজুর যুবককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুমারখালী শহরের ব্যস্ততম গণমোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাব্বী কুমারখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কুণ্ডুপাড়ার আনোয়ার আলীর ছেলে।ভুক্তভোগীর পরিবার ও স্থানীদের সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে গড়াই ইকো পার্কে নদীর পাড়ে সাব্বির হোসেন ও জনি শেখ নামে দুই যুবক তরুণীসহ মদ্যপান করছিলেন। প্রকাশ্যে এমন অপরাধের প্রতিবাদ জানান রাব্বী, যা নিয়ে তখন হাতাহাতির ঘটনা ঘটে। তারই জেরে শনিবার রাতে গণমোড়ে রাব্বী বাইসাইকেল নিয়ে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা সাব্বির, জনি ও তাদের সহযোগীরা ধারালো চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।এ ঘটনায় আহত রাব্বীর বাবা আনোয়ার আলী থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত সাব্বির ও জনি গা ঢাকা দিয়েছে।কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, আগের বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে। এজাহার পাওয়া গেছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই জড়িত আসামিদের শনাক্ত করা হয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব