প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
চন্দনাইশ হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের প্রবেশমুখে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক
মোঃ ফজলুল আব্বাস চৌধুরী, সংবাদদাতা ||
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের প্রবেশমুখে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রতিদিন সরকারি কাজে আসা সেবাপ্রার্থীদের অফিসে প্রবেশ ও বের হওয়ার সময় কুকুরের দল তেড়ে আসায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।স্থানীয়দের অভিযোগ, অফিসের প্রবেশপথ ও আশপাশের এলাকায় একাধিক বেওয়ারিশ কুকুর দলবদ্ধভাবে অবস্থান করছে। সেবাপ্রার্থীরা চলাচলের সময় হঠাৎ কুকুরগুলো তেড়ে এলে অনেকেই আতঙ্কিত হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এতে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক সেবাপ্রার্থীরা রয়েছেন বেশি ঝুঁকিতে। যেকোনো সময় কুকুরের কামড় বা তাড়া খেয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হওয়ার আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।সেবাপ্রার্থীরা জানান, সরকারি গুরুত্বপূর্ণ কাজে প্রতিদিন বিভিন্ন বয়সী মানুষকে ওই কার্যালয়ে আসতে হয়। অথচ প্রবেশমুখেই যদি এমন আতঙ্কজনক পরিস্থিতি থাকে, তাহলে তা অত্যন্ত উদ্বেগের বিষয়।এদিকে, বড় ধরনের দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।জনস্বার্থ ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে চন্দনাইশ পৌরসভা ও সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সেবাপ্রার্থীরা
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব