প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
শহীদ মিনার থেকে লৌহজংয়ে ৩০-৩৫ বাইকারের যাত্রা, স্কুলে সচেতনতামূলক কর্মশালা
আবু বকর সিদ্দিক , ✅ গণমাধ্যম কর্মী ||
নারীর আত্মবিশ্বাস,নিরাপত্তা,স্বাস্থ্য সচেতনতা ও নেতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে মুন্সীগঞ্জের লৌহজংয়ে অনুষ্ঠিত হয়েছে রাইড টু রাইজ’নামে বিশেষ সচেতনতামূলক বাইক রাইড ও স্কুল কর্মসূচি।সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ কর্মসূচির সূচনা হয়।ভ্রমণকন্যা-ট্রাভেলেটস অব বাংলাদেশ-এর আয়োজনে এবং ইস্টার্ন ব্যাংক পিএলসি-এর উইমেন ব্যাংকিংয়ের সহযোগিতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।সকাল ৬টায় প্রায় ৩০-৩৫ জন বাইকারের অংশগ্রহণে রাইডটি শুরু হয়।অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিলেন নারী।তারা ঢাকা থেকে বাইক রাইড করে লৌহজং উপজেলার ইউনুস খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে পৌঁছান।সেখানে শিক্ষার্থীদের নিয়ে জেন্ডার ইকুইটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম (জিপ)-এর আওতায় বিশেষ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় আত্মরক্ষা,মাসিক স্বাস্থ্য,নেতৃত্ব,বাংলাদেশ ও ভ্রমণ এবং লিঙ্গসমতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।এতে শিক্ষার্থীরা নারীর নিরাপত্তা,আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুরুত্ব সম্পর্কে ধারণা লাভ করে।এ সময় ভ্রমণকন্যার সদস্য ও ইবিএল উইমেন ব্যাংকিংয়ের প্রতিনিধিদের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি মতবিনিময় হয়।তারা নিজেদের অভিজ্ঞতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।আয়োজকরা জানান,২০২১ সাল থেকে জিপ কর্মসূচির মাধ্যমে নারী ও কিশোরীদের সচেতনতা ও ক্ষমতায়নে কাজ করা হচ্ছে।এবারের কর্মশালাটি ছিল এ কর্মসূচির শেষ স্কুল পর্যায়ের আয়োজন।পাঁচ বছরব্যাপী কার্যক্রমের সমাপ্তি হিসেবে লৌহজংয়ের আয়োজনটি বিশেষ তাৎপর্য বহন করে।আয়োজকদের ভাষ্য,রাইড টু রাইজ’কেবল একটি বাইক রাইড নয়,এটি নারীর আত্মবিশ্বাস ও সক্ষমতার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ।নারী ও কিশোরীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন এবং নেতৃত্বদানে সক্ষম করে তোলাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।কর্মসূচিতে অংশ নেওয়া বাইকারদের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।কর্মশালা শেষে একই দিন দুপুরে দলটি লৌহজং থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব