প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
চৌগাছায় বিজ্ঞান চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সভা ও কুইজ প্রতিযোগিতা
এম এ মান্নান,(সাংবাদিক) ||
চৌগাছায় বিজ্ঞান চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সভা ও কুইজ প্রতিযোগিতা
এম এ মান্নান, চৌগাছা (যশোর):
“জ্ঞান-বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের চৌগাছায় বিজ্ঞান চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের তৃতীয় তলার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চৌগাছা উপজেলার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের দি বোয়িং কোম্পানির সিএনসি প্রোগ্রামার ও এমএস ইন ইঞ্জিনিয়ার রমজান আলী।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর অধ্যাপক আইয়ুব হোসেন,
চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) জি,এম,এ,মুনীব এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. বজলুর রশীদ।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন :
চৌগাছা উপজেলা জামাতের আমির মাওলানা গোলাম মোর্শেদ, উপজেলা জামাতের নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, চৌগাছা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ডঃ আলাউদ্দিন, উপজেলা জামাতের অর্থ সম্পাদক মাস্টার ইমদাদুল হক, প্রেসক্লাব চৌগাছার ক্রীড়া সম্পাদক সাংবাদিক এম এ মান্নান সহ সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মাস্টার কামাল আহমেদ।
আলোচনা পর্বে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়ে তোলার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন ও গবেষণার প্রতি আগ্রহী হতে হবে। নিয়মিত বিজ্ঞানচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিবোধ, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানো সম্ভব।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের আলোচনা ও বিজ্ঞানভিত্তিক বিষয়বস্তুর ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন করা হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের তিনটি করে প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হয়। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে মোট ১০ জনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়।
কুইজ প্রতিযোগিতাটি পরিচালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার অধ্যাপক আইয়ুব হোসেন। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রমজান আলী।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ১০ শিক্ষার্থীর হাতে বিশেষ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথিরা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা, উদ্ভাবনী মনোভাব ও জ্ঞানচর্চার আগ্রহ সৃষ্টি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। এ ধরনের আয়োজন ভবিষ্যতে বিজ্ঞানমনস্ক ও দক্ষ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব