প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ ইটভাটা বন্ধ ও পরিবেশ রক্ষায় ফটিকছড়ি-সন্দ্বীপে মতবিনিময় সভা
মোঃ ফজলুল আব্বাস চৌধুরী, সংবাদদাতা ||
প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশবান্ধব ইটভাটা পরিচালনা নিশ্চিত করতে চট্টগ্রামের ফটিকছড়ি ও সন্দ্বীপ উপজেলার ইটভাটা মালিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় আসন্ন ইটভাটা মৌসুমে অবৈধ ইটভাটা পরিচালনা থেকে বিরত থাকা, ইটভাটায় কৃষিজমির টপসয়েল (উপরিভাগের মাটি) ও জ্বালানি কাঠের ব্যবহার বন্ধ এবং পরিবেশসম্মত পদ্ধতিতে ইটভাটা পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।সভায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইন ও সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে অনুমোদনবিহীন ও অবৈধ ইটভাটা বন্ধ রাখা এবং বৈধ ইটভাটাগুলোতেও কৃষিজমির উর্বর মাটি ও কাঠ ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট মালিকদের সতর্ক করা হয়।পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ইটভাটা মালিকদের সচেতন করতে এ ধরনের মতবিনিময় সভা আয়োজন করা হচ্ছে। পর্যায়ক্রমে চট্টগ্রাম জেলার অন্যান্য উপজেলার ইটভাটা মালিকদের নিয়েও এ ধরনের সভা অব্যাহত থাকবে।সংশ্লিষ্টরা মনে করছেন, ইটভাটায় কৃষিজমির টপসয়েল ও জ্বালানি কাঠের ব্যবহার বন্ধ এবং পরিবেশবান্ধব প্রযুক্তি অনুসরণের মাধ্যমে কৃষিজমি ও পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব অনেকাংশে কমানো সম্ভব হবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব