প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
কাদিরাবাদ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম: বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য পুরস্কারের ঘোষণা
যিশাই মুরমু হীরা , সংবাদদাতা ||
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় অবস্থিত কাদিরাবাদ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ সাইফুল ইসলাম। পরিদর্শনের শুরুতেই তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষের পাঠদান পদ্ধতি এবং অবকাঠামোগত পরিবেশ ঘুরে দেখেন। প্রতিষ্ঠানের শিক্ষার মান নিশ্চিতকরণ ও সার্বিক উন্নয়নমূলক বিষয় নিয়ে তিনি শিক্ষকমণ্ডলীর সাথে বিশদ মতবিনিময় করেন এবং একটি নান্দনিক ও মানসম্মত শিক্ষাঙ্গন গড়ে তোলার ওপর জোর দেন।পরবর্তীতে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এক খোলামেলা মতবিনিময় সভায় মিলিত হয়ে নিয়মিত পড়াশোনা করা, শৃঙ্খলা রক্ষা করা এবং নীতি-নৈতিকতায় বলীয়ান হয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। এসময় শিক্ষার্থীদের পড়ালেখায় আরও অনুপ্রাণিত করতে তিনি ঘোষণা করেন যে, বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত প্রতিটি শিক্ষার্থীকে ৫,০০০ টাকা করে নগদ পুরস্কার প্রদান করা হবে। তিনি আশা প্রকাশ করেন যে এ ধরণের আর্থিক উদ্দীপনা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও আগ্রহী করবে এবং ভবিষ্যতে তাদের ভালো ফলাফল অর্জনে সাহায্য করবে।আলোচনা সভায় জনাব মোঃ সাইফুল ইসলাম উল্লেখ করেন যে, যেকোনো দেশের স্থায়ী উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হলো মানসম্মত শিক্ষা। মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থীদের পুরস্কৃত করার মাধ্যমে তাদের ভবিষ্যৎ সম্ভাবনাকে বিকশিত করা সম্ভব, যার জন্য শিক্ষক, অভিভাবক ও সমাজের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পরিশেষে, কাদিরাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব