প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
ঐতিহ্যের আড়ালে সাইবার অপরাধ ধামাইলের সুনাম ক্ষুণ্ণ ও সামাজিক অবক্ষয়ের শঙ্কা
মোঃ রেজাউল করিম , সংবাদদাতা ||
সিলেটের লোকসংস্কৃতির এক অনন্য ঐতিহ্য ধামাইল। অনাদিকাল থেকে সম্প্রীতি, আনন্দ আর লোকজ সংস্কৃতির মেলবন্ধন হিসেবে ধামাইল গান ও নাচ আমাদের সমাজে স্থান করে নিয়েছে। তবে অত্যন্ত পরিতাপের বিষয় হলো, এই পবিত্র সাংস্কৃতিক কর্মকাণ্ডকে ঢাল হিসেবে ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার অপরাধের জাল বিছানোর চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পিকলু সরকার ও তুষ্টি নামের দুই ব্যক্তির বিরুদ্ধে।অভিযোগ সূত্রে জানা যায়, সাংস্কৃতিক চর্চার আড়ালে তারা অন্তত ১৫ থেকে ১৭টি ভুয়া (ফেক) আইডি পরিচালনা করছিলেন। এসব অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন মানুষের ছবি সংগ্রহ, তা বিকৃত ও অশালীনভাবে সম্পাদনা এবং পরবর্তীতে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অপচেষ্টা করা হতো। লোকজ সংস্কৃতিকে ব্যবহার করে এমন সাইবার ব্ল্যাকমেইলের চক্র গড়ে তোলার খবরে সুধীসমাজ ও স্থানীয় সংস্কৃতিপ্রেমীদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যম যেখানে সুস্থ বিনোদন ও সম্পর্কের মেলবন্ধন হওয়ার কথা, সেখানে ভুয়া আইডির আড়ালে এমন ডিজিটাল হয়রানি সামাজিক নিরাপত্তার জন্য এক বড় হুমকি। এটি শুধু ভুক্তভোগীদের ব্যক্তিগত জীবন ও মানসিক শান্তিকেই বিপর্যয়ের মুখে ফেলছে না, বরং আমাদের লোকজ ঐতিহ্যের সুনামকেও কালিমালিপ্ত করছে।অভিযোগকারীদের তথ্যমতে, গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় সিলেট থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তারা আটক হয়েছেন। তবে মামলার নথিপত্র ও ডিজিটাল ফরেনসিক তদন্তের মাধ্যমে সাইবার বিশেষজ্ঞরা বিষয়ের গভীরতা ও সত্যতা উন্মোচন করবেন।সংস্কৃতির দোহাই দিয়ে কেউ যেন অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে সংস্কৃতিচর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সোচ্চার ও সতর্ক থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য ও ছবি শেয়ার করার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি। ব্ল্যাকমেইল বা সাইবার হয়রানির শিকার হলে ভয় না পেয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হতে হবে।
তদন্ত ও আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই ঘটনার চূড়ান্ত সত্যতা প্রকাশ পাবে। তবে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়—সংস্কৃতি রক্ষা ও নিরাপদ ডিজিটাল সমাজ গড়ে তুলতে সর্বস্তরের সচেতনতা এখন সময়ের দাবি।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব