প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
আইফোন ছিনতাইয়ের জন্য অপ্রতিম হত্যার বর্ণনা
আমজাদ হোসেন, সংবাদদাতা ||
আমজাদ হোসেন মিঠু,বিশেষ প্রতিনিধিঃআইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে পূর্বপরিকল্পনা অনুযায়ী অপ্রতিমকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী সাইফুল ইসলাম তুহিনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং নিহত অপ্রতিমের লুণ্ঠিত আইফোনটি উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, গত ১৮ই সেপ্টেম্বর আনুমানিক দুপুর ২টা থেকে সোয়া ২টার দিকে সিসিটিভি ফুটেজে অপ্রতিমকে নিয়ে তুহিনকে লালমাই পাহাড়ের ‘সানন্দা’ নামক নির্জন জঙ্গলের দিকে যেতে দেখা যায়। ঘটনার দিন বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে ওই নির্জন বনের ভেতরে আসামিরা অপ্রতিমের আইফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। অপ্রতিম বাধা দিলে তাদের মধ্যে তীব্র ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তুহিনের সহযোগী ফাহাদ ও কামরুল বাঁশের শক্ত লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় পরপর আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে আইফোনটি নিয়ে পালিয়ে যায়।অপ্রতিমের মরদেহ উদ্ধারের পরপরই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ তুহিনকে হেফাজতে নেয়। একটানা জিজ্ঞাসাবাদের মুখে তুহিন হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং সহযোগী ফাহাদ, কামরুল ও ফাহাদের আরেক বন্ধুর জড়িত থাকার তথ্য দেয়। তুহিনের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ফাহাদ ও কামরুলকে হেফাজতে নেওয়া হয়।আইফোনটি উদ্ধারে পুলিশকে বিভ্রান্ত করতে তুহিন প্রথমে তিনটি ভিন্ন ভুল তথ্য দেয়। পরবর্তীতে নিবিড় জেরার মুখে সে সঠিক তথ্য প্রকাশ করে এবং তার নিজ বাসার তোশকের নিচ থেকে পুলিশ আইফোনটি উদ্ধার করে।তদন্ত সূত্রে জানা গেছে, ২০২৫ সালে কুমিল্লা সিটি কলেজ থেকে ড্রপআউট হওয়া তুহিনই ছিল এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। বর্তমানে ঘটনায় জড়িত সন্দেহে সিয়াম নামের আরও একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার দ্রুততম সময়ের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করা হবে। বহুল আলোচিত ‘রামিসা হত্যা মামলার’ মতো এই মামলাটির বিচারপ্রক্রিয়াও যেন দ্রুত সম্পন্ন হয়, বিজ্ঞ আদালতের কাছে পুলিশ সেই আবেদন জানাবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব