প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
সাহসিকতা ও অপরাধ দমনে অসামান্য অবদান: বিপিএম পদক পাচ্ছেন মুন্সীগঞ্জের ডিবি এসআই আবুল কালাম আজাদ
আমজাদ হোসেন, সংবাদদাতা ||
আমজাদ হোসেন মিঠু,বিশেষ প্রতিনিধি, মুন্সীগঞ্জ:অপরাধ দমন, ক্লু-লেস মামলার রহস্য উদ্ঘাটন এবং কর্মক্ষেত্রে অসামান্য সাহসিকতার স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা ‘বাংলাদেশ পুলিশ পদক’ (বিপিএম)-এর জন্য নির্বাচিত হয়েছেন মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ। ঘোষিত চারটি ক্যাটাগরিতে মনোনীত মোট ৯২ জন পুলিশ সদস্যের মধ্যে তাঁকে এই মর্যাদাপূর্ণ পদকের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।মুন্সীগঞ্জে দায়িত্ব পালনকালে এসআই আবুল কালাম আজাদ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আইনশৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশে সক্রিয় ভুয়া ডিবি চক্রের সদস্যদের গ্রেফতার এবং মহাসড়কে ডাকাতি প্রতিরোধে বেশ কয়েকটি সফল অভিযানে নেতৃত্ব দেন। এছাড়া পদ্মা সেতু উত্তর থানা এলাকায় বড় আকারের ইয়াবার চালান উদ্ধারসহ একাধিক ক্লু-লেস চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটনে তাঁর ভূমিকা ব্যাপক প্রশংসিত হয়। পেশাগত দক্ষতার কারণে এর আগে তিনি জেলার ‘শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা’ হিসেবেও সম্মাননা লাভ করেন।শরীয়তপুর জেলার সখিপুর থানার আরশীনগর গ্রামের সন্তান আবুল কালাম আজাদ ২০০৪ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। গত দুই বছর ধরে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত আছেন।তাঁর এই গৌরবময় অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, "এসআই আবুল কালাম আজাদের এই অর্জন পুরো জেলা পুলিশের জন্য আনন্দের। এই স্বীকৃতি জেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নিয়োজিত অন্যান্য পুলিশ সদস্যদেরও সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।"
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব