প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
কুড়িগ্রামে অতিরিক্ত সার বরাদ্দের পরও সংকট: বিভিন্ন উপজেলায় কৃষকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
মোঃরফিকুল ইসলাম।, সংবাদদাতা ||
নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:কুড়িগ্রাম জেলায় সেপ্টেম্বর মাসে নিয়মিত বরাদ্দের বাইরে অতিরিক্ত ১ হাজার টন ইউরিয়া সার বরাদ্দ দেওয়া হলেও কৃষকদের সার পাওয়ার ক্ষেত্রে তীব্র অসন্তোষ ও হাহাকার দেখা দিয়েছে। সার না পেয়ে জেলার বিভিন্ন উপজেলায় কৃষকদের বিক্ষোভ, সড়ক অবরোধ, ডিলার পয়েন্টে উত্তেজনা এবং কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করার মতো অপ্রীতিকর ঘটনা ঘটছে।সর্বশেষ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উলিপুরে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকেরা। এর আগে গত ১৬ থেকে ২০ সেপ্টেম্বর রাজীবপুর, নাগেশ্বরী, উলিপুর ও কুড়িগ্রাম সদর উপজেলায় সার বিতরণকে কেন্দ্র করে এমন উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।স্থানীয় কৃষকদের অভিযোগ, সরকারিভাবে পর্যাপ্ত সার বরাদ্দ দেওয়া হলেও মাঠপর্যায়ে এর সুফল মিলছে না। অনেক ডিলার সঠিক সময়ে ও নিয়মে সার বিতরণ করছেন না। এছাড়া কৃত্রিম সংকট তৈরি করে বেশি দাম নেওয়া এবং সার কালোবাজারে বিক্রিরও অভিযোগ তুলেছেন তারা। কৃষকদের দাবি, ডিলারদের অনিয়ম এবং সঠিক তদারকির অভাবেই বারবার এই সংকটের সৃষ্টি হচ্ছে।
এদিকে ধারাবাহিক এসব ঘটনার পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ। কৃষকদের শান্ত করতে এবং সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে প্রতিটি ডিলার পয়েন্টে কঠোর নজরদারি ও সরাসরি প্রশাসনের উপস্থিতিতে সার বিতরণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব