প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
অজ্ঞান পার্টির খপ্পরে ইজিবাইকচালক, ভাড়ার ইজিবাইক নিয়ে পালানোর অভিযোগ
মোঃ মিলন ||
যশোরের বাঘারপাড়ায় অজ্ঞান পার্টির কবলে পড়ে এক ইজিবাইকচালক তার ভাড়ায় নেওয়া ইজিবাইক হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে।ইজিবাইকচালক হলেন বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের আদমপুর গ্রামের স্যাকলাইন মোল্যার ছেলে শান্ত মোল্লা। তিনি ভাড়ায় ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর সকালে প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বের হন শান্ত। পথে দুই ব্যক্তি যাত্রীবেশে ইজিবাইকে উঠে নড়াইল যাওয়ার জন্য ভাড়া করেন। অভিযোগ, পথিমধ্যে ওই দুই ব্যক্তি বিস্কুটের সঙ্গে অজ্ঞাত কোনো পদার্থ খাওয়ানোর পর শান্ত অচেতন হয়ে পড়েন। পরে তার ইজিবাইক নিয়ে তারা পালিয়ে যায়।পরে পথচারীরা সড়কের পাশে অচেতন অবস্থায় শান্তকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে আসেন।এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে। পরিবারের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে ইজিবাইক উদ্ধারে ব্যবস্থা নেওয়া হোক।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব