প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক আমানকে হেনস্তার অভিযোগ, ৪ সদস্যের তদন্ত কমিটি
মোঃ হাদিসুর রহমান , গণমাধ্যম কর্মী ||
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা পরিষদে তথ্য সংগ্রহের সময় দৈনিক কালবেলার ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি ও ক্ষেতলাল প্রেসক্লাবের সদস্য আমানুল্লাহ আমানকে হেনস্তার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযোগের সত্যতা যাচাইয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ক্ষেতলাল প্রেসক্লাব।বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় সাংবাদিক আমানুল্লাহ আমানের মৌখিক অভিযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।ক্ষেতলাল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আজিজার রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাংবাদিক হাসান আলী, সহসভাপতি মিজানুর রহমান, আজিজুল হক, মাহমুদুল হাসান রকেট, এসএম মিলন, আবু হাসান, শাহিনুর রহমান শাহিন, হানিফ সরদার ও দেলোয়ার হোসেন বাবুসহ প্রেসক্লাবের সদস্যরা।সভায় সিদ্ধান্ত হয়, তদন্ত কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে ঘটনাটি তদন্ত করে লিখিত প্রতিবেদন দাখিল করবে। তদন্তে সাংবাদিক আমানুল্লাহ আমানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে তদন্তে তিনি নির্দোষ এবং অপরপক্ষের দায় প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর সংবাদ বর্জনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।সভায় আরও সিদ্ধান্ত হয়, প্রেসক্লাবের কোনো সদস্যের বিরুদ্ধে অনিয়মে জড়িত থাকার অভিযোগ থাকলে তা প্রথমে প্রেসক্লাবকে অবহিত করতে হবে। অভিযোগটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেবে প্রেসক্লাব। তবে প্রেসক্লাবকে অবহিত না করে কোনো সদস্যকে হেনস্তা বা হয়রানি করা হলে এর প্রতিবাদে সংবাদ বর্জনের পাশাপাশি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং কোনো অভিযোগ থাকলে তা সাংগঠনিকভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয় ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব