প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
পীরগাছায় সার ডিলার নিয়োগ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মোঃ মজনু মিয়া, গণমাধ্যম কর্মী ||
রংপুরের পীরগাছা উপজেলায় সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙা ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বক্তব্য ও প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পীরগাছা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।সংবাদ সম্মেলনে আয়োজকরা দাবি করেন, সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম জড়িয়ে যে কথোপকথন ও অভিযোগ প্রচার করা হচ্ছে, তা মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।তাদের দাবি, অন্নদানগর ইউনিয়নের কীটনাশক ব্যবসায়ী সাখাওয়াত হোসেন ও ৮ নম্বর কৈকুড়ি ইউনিয়নের আব্দুর রহিমের মধ্যে মোবাইল ফোনে হওয়া কথোপকথনকে কাটছাঁট ও বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। ওই প্রচারণায় উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম জড়ানো হলেও এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তারা।সংবাদ সম্মেলনে বক্তারা আরও অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে স্থানীয় বিএনপির নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।বক্তারা বলেন, সার ডিলার নিয়োগ একটি প্রশাসনিক প্রক্রিয়া। এ নিয়োগের সঙ্গে কোনো রাজনৈতিক নেতার সম্পৃক্ততার অভিযোগ থাকলে তা যথাযথ তথ্য-প্রমাণের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো বক্তব্য প্রচার না করার আহ্বান জানান তারা।সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা বলেন, কোনো ব্যক্তি বা রাজনৈতিক নেতার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে প্রমাণসহ তা আইনানুগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা উচিত। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য যাচাই না করে গ্রহণ না করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তারা।এ সময় বক্তারা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙা ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কথিত মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রত্যাহারের আহ্বান জানান।তারা আরও বলেন, পীরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও দলীয় ঐক্য বিনষ্ট করার কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। দলের নেতাকর্মীদের সতর্ক থাকার পাশাপাশি যেকোনো অভিযোগের ক্ষেত্রে সত্যতা যাচাই ও সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৈকুড়ি ইউনিয়নের বাসিন্দা আব্দুর রহিম বলেন, কীটনাশক ব্যবসায়ী সাখাওয়াত হোসেনের সঙ্গে মোবাইল ফোনে তার কথোপকথনকে কেন্দ্র করে টাকার বিনিময়ে সার ডিলার নিয়োগের যে অভিযোগ প্রচার করা হচ্ছে, তা উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। তিনি দাবি করেন, কারও সঙ্গে তিনি এ ধরনের মন্তব্য করেননি।অন্যদিকে সংশ্লিষ্ট কীটনাশক ব্যবসায়ী সাখাওয়াত হোসেনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে পীরগাছা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব