প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
রংপুরের পীরগাছা উপজেলায় ছেলের হাতে বাবা খুন।
মোঃ মজনু মিয়া, গণমাধ্যম কর্মী ||
রংপুরের পীরগাছায় শাশুড়িকে সম্মান করার কথা বলাকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম মহুবার রহমান। এ ঘটনায় তার ছেলে হাসানুর রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর, তিস্তা নদীসংলগ্ন ভক্তের বাজার মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মহুবার রহমানের ছেলে হাসানুর রহমানের সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনের সম্পর্ক ভালো ছিল না। শুক্রবার সকালে হাসানুরের শাশুড়িসহ কয়েকজন তাদের বাড়িতে আসেন। এ সময় হাসানুর তার শাশুড়িকে বসতে বা খাবার দিতে বলেননি বলে জানা যায়।এ নিয়ে পরিবারের মধ্যে কথা কাটাকাটি হলে বাবা মহুবার রহমান তার ছেলে হাসানুরকে শাশুড়িকে সম্মান দিয়ে খাবার দেওয়ার কথা বলেন। কিন্তু হাসানুর বাবার কথা না শোনায় একপর্যায়ে মহুবার রহমান তাকে থাপ্পড় দেন।পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, শাশুড়ির সামনে বাবার হাতে থাপ্পড় খাওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি হাসানুর। একপর্যায়ে পাশে থাকা একটি চাকু দিয়ে বাবার পেটে আঘাত করেন তিনি।চাকুর আঘাতে গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে মহুবার রহমানকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।পীরগাছা থানার ওসি সেলিম মালিক জানান, ঘটনার প্রাথমিক তদন্তে পারিবারিক বিরোধের বিষয়টি সামনে এসেছে। এ ঘটনায় অভিযুক্ত হাসানুর রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।এদিকে বাবা-ছেলের এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় শত শত মানুষ।ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত আরও নিশ্চিত হওয়া যাবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব