প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
সিলেটে বৃক্ষপ্রেমী ও ছাদবাগানীদের ‘গেট টুগেদার ও বৃক্ষ বিতরণ’ অনুষ্ঠিত
শহীদুল ইসলাম ||
২৬ সেপ্টেম্বর ২০২৬, সিলেটগত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার বিকেলে নগরীর শাহজালাল উপশহর অভিজাত এলাকায় অবস্থিত শাহজালাল উপশহর একাডেমি প্রাঙ্গণে অনলাইন ভিত্তিক সংগঠন ‘সিলেটের ছাদ কৃষি’ সিলেটে বৃক্ষপ্রেমী ও ছাদবাগানীদের ‘গেট টুগেদার ও বৃক্ষ বিতরণ’ অনুষ্ঠান সুন্দর ও সফল ভাবে সম্পন্ন হয়েছে।
সিলেট নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় দুইশত বৃক্ষপ্রেমী ও ছাদবাগানিরা অনুষ্ঠানে অংশ নেন। পারস্পরিক পরিচয়, অভিজ্ঞতা বিনিময় এবং বৃক্ষপ্রেমীদের মধ্যে সম্প্রীতি ও সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন ও শাহজালাল উপশহর একাডেমির প্রধান শিক্ষক মো. রিয়াজুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তিনি ‘সিলেটের ছাদ কৃষি’ গ্রুপের বিভিন্ন কার্যক্রম, বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণসহ পরিবেশবান্ধব কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘সিলেটের ছাদ কৃষি’ গ্রুপের এডমিন-মডারেটর প্যানেলের সভাপতি মো: বদরুল আলম। প্রধান অতিথি হিসেবে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা সাহেবের উপস্থিত থাকার কথা থাকলেও অফিসিয়াল সমস্যার কারণে যোগ দিতে না পারায় ভার্চুয়ালি দুঃখ প্রকাশ করেন এবং এডমিন মডারেটর প্যানেলকে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপশহর এলাকার শিক্ষানুরাগী ও শাহজালাল উপশহর একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য চৌধুরী হেলাল আহমদ, তিনি তার বক্তব্যে বলেন, সবুজ প্রেমীদের এ ধরনের মিলনমেলা সিলেটকে সবুজায়ন করতে বিশেষ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠান পরিচালনা করেন এডমিন সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম ও মডারেটর নাসরিন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন এডমিন জুহেলী আক্তার জুলি, সাইদুল হক, নাসরিন ফেরদৌস চৌধুরী ও মডারেটর আরিফুর রহমান আরিফ, সেবিকা দাস, রাশেদ আহমদ এবং ছয়ফুল আলম রাজ্জাকসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ঢাকা থেকে এসে অনুষ্ঠানে যোগদানকরা বৃক্ষপ্রেমী নাসরিন ফেরদৌস চৌধুরীর অংশগ্রহণ। শুধু এই মিলনমেলায় যোগ দিতে তার ঢাকা থেকে সিলেটে আসা এবং অনুষ্ঠান শেষ করে চলে যাওয়ার বিষয়টি উপস্থিত বৃক্ষপ্রেমীদের মধ্যে বিশেষ উৎসাহ সৃষ্টি করে।
আয়োজকরা জানান, ‘সিলেটের ছাদ কৃষি’ শুধু ছাদবাগানিদের একটি অনলাইন প্ল্যাটফর্ম নয়; বরং বৃক্ষপ্রেমীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, গাছের চারা বিনিময় ও বিতরণ এবং পরিবেশবান্ধব কর্মকাণ্ডে উৎসাহিত করার একটি সহযোগিতামূলক উদ্যোগ। এ ধরনের আয়োজনের মাধ্যমে নগরবাসীর মধ্যে বৃক্ষরোপণ ও সবুজায়নের প্রতি আগ্রহ আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। আনন্দঘন পরিবেশে বৃক্ষপ্রেমীদের পারস্পরিক মতবিনিময় ও ছবি তোলার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব