প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
তাড়াইল সদর বাজারে তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে, প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি
সুলাইমান আহমদ, সংবাদদাতা ||
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর বাজারে যত্রতত্র অটোস্ট্যান্ড, অবৈধ পার্কিং এবং ফুটপাত দখলের কারণে তীব্র যানজট নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এর ফলে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চরম ভোগান্তিতে পড়ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, পথচারী ও হাজারো সাধারণ মানুষ।সরেজমिन অনুসন্ধানে দেখা যায়, বাজারের এলএসডি রোড, থানার মোড়, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ এলাকা, এশিয়া ব্যাংক মোড়, জাওয়ার রোড, উপজেলা পরিষদ চত্বর, মাদরাসা মার্কেট ও মূল সড়কে প্রতিদিন তীব্র যানজট লেগেই থাকে। নির্দিষ্ট কোনো ট্রাফিক ব্যবস্থা না থাকায় এবং বাজারের প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ অবস্থান, মোটরসাইকেল যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখল করে দোকানের মালামাল রাখায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার বাজারের হাটবারে এই দুর্ভোগ মাত্রা ছাড়িয়ে যায়।স্থানীয় ব্যবসায়ী আফতাব মিয়া, বকুল মিয়া ও মাহবুব আলম জানান, ট্রাফিক নিয়ন্ত্রণের কেউ না থাকায় চালকরা ইচ্ছেমতো অটোরিকশা দাঁড় করিয়ে রাখেন। এর ফলে প্রায়ই ৩০ থেকে ৪০ মিনিট পর্যন্ত তীব্র যানজটে আটকে থাকতে হয়। দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান চান তারা।পথচারী আবদুল কাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, "চারদিক থেকে যানবাহন এসে জটলা পাকায়, হেঁটে চলার কোনো উপায় থাকে না। আমরা অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।"এলাকাবাসীর জোর দাবি, বাজারের ভেতরে অবৈধ অটোস্ট্যান্ড অন্যত্র স্থানান্তর, ফুটপাত দখলমুক্ত করা এবং স্থায়ী ট্রাফিক ব্যবস্থার প্রবর্তন করা এখন সময়ের দাবি।তীব্র যানজট নিরসন ও সাধারণ মানুষের সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করার বিষয়ে তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিজালা আখতার জানান, স্থানীয় ব্যবসায়ীদের সাথে ইতিমধ্যেই এ বিষয়ে আলোচনা হয়েছে। সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত বাজারে সব ধরনের পণ্যবাহী ট্রাক প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।এই সময়ের মধ্যে কোনো ট্রাক বাজারে প্রবেশ করলে তা অবিলম্বে উপজেলা প্রশাসনকে জানানোর জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, অবৈধ পার্কিং এবং ফুটপাত দখলের বিরুদ্ধে খুব শীঘ্রই ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব