প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় মুন্সীগঞ্জে যৌথ কুইক রেসপন্স টিম গঠন, পুলিশ সুপারের জরুরি সভা
আমজাদ হোসেন, সংবাদদাতা ||
আমজাদ হোসেন মিঠু,বিশেষ প্রতিনিধি , মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলায় যেকোনো আকস্মিক আইনশৃঙ্খলাজনিত সমস্যা সমাধান ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বিত পুলিশি সেবা নিশ্চিত করতে গঠিত হতে যাচ্ছে ‘কুইক রেসপন্স টিম (QRT)’। এ লক্ষ্যে জেলার সবকটি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (২৬ সেপ্টেম্বর, ২০২৬) সকাল ১১টায় মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম।সভায় জেলার প্রতিটি থানার প্রতিনিধি ছাড়াও সিআইডি, পিবিআই, নৌ-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং হাইওয়ে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা অংশ নেন। সভার মূল উদ্দেশ্য ছিল জেলাজুড়ে সার্বিক জননিরাপত্তা জোরদার করা এবং অস্থিতিশীল বা জরুরি পরিস্থিতিতে কালক্ষেপণ না করে দ্রুত পদক্ষপ গ্রহণ করা।পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম বলেন, "যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা জরুরি পরিস্থিতিতে নির্দিষ্ট কোনো বিশেষ ইউনিটের অপেক্ষায় না থেকে, সবকটি বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় কীভাবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা যায়—তা নিশ্চিত করাই এই টিমের মূল লক্ষ্য।"সভায় সিদ্ধান্ত হয় যে, দ্রুততম সময়ের মধ্যে বিভিন্ন বিশেষায়িত ইউনিটের অভিজ্ঞ সদস্যদের নিয়ে একটি পূর্ণাঙ্গ ‘কুইক রেসপন্স টিম’ গঠন ও তালিকা প্রস্তুত করা হবে। এই টিম গঠিত হলে জেলার চিহ্নিত অপরাধপ্রবণ বা ঝুঁকিপূর্ণ স্পটগুলোতে যৌথ ও সমন্বিত অভিযান পরিচালনা করা সহজ হবে।এই যৌথ উদ্যোগের ফলে মুন্সীগঞ্জে যেকোনো জরুরি পরিস্থিতিতে পুলিশি সাড়া প্রদান আরও দ্রুত ও কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত কর্মকর্তা ও সুধীবৃন্দ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব