প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালনে সারাদেশে কর্মসূচি নেবে বাকশিস
শহীদুল ইসলাম ||
বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালনে সারাদেশে কর্মসূচি নেবে বাকশিস
২৮ সেপ্টেম্বর ২০২৬, সিলেট নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে সারাদেশে ব্যাপক কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস)। শিক্ষকতার মর্যাদা, পেশাগত অধিকার ও শিক্ষকদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার পাশাপাশি এবারের কর্মসূচিতে বাংলাদেশের প্রেক্ষাপটে ‘শিক্ষাব্যবস্থা জাতীয়করণ’-কে মূল দাবি হিসেবে সামনে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। UNESCO-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের বিশ্ব শিক্ষক দিবস বিশেষ তাৎপর্যপূর্ণ। এ বছর ১৯৬৬ সালের ILO/UNESCO Recommendation concerning the Status of Teachers-এর ৬০তম বার্ষিকী পালিত হচ্ছে। ওই সুপারিশে শিক্ষকদের অধিকার, দায়িত্ব, নিয়োগ, পেশাগত প্রস্তুতি, কর্মপরিবেশ ও শিক্ষাদানের বিভিন্ন দিক নিয়ে আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণ করা হয়েছিল।
২০২৬ সালের বিশ্ব শিক্ষক দিবসের আন্তর্জাতিক প্রতিপাদ্য—“Standing with teachers: 60 years of protecting the profession, advancing its status and shaping our futures”। বাংলায় এর ভাবার্থ, “শিক্ষকদের পাশে: পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর।”
UNESCO বলছে, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন, অন্তর্ভুক্তি, অভিবাসন ও শিক্ষক সংকটসহ নানা নতুন চ্যালেঞ্জ শিক্ষকতা পেশাকে প্রভাবিত করছে। একই সঙ্গে শিক্ষকদের পেশাগত স্বায়ত্তশাসন, নীতিনির্ধারণে অংশগ্রহণ, বেতন, কর্মঘণ্টা ও কর্মপরিবেশের মতো বিষয়গুলোও শিক্ষকতার মর্যাদার সঙ্গে যুক্ত।
বাকশিসের পক্ষ থেকে বলা হয়েছে, এসব বৈশ্বিক আলোচনার সঙ্গে বাংলাদেশের বাস্তবতাকেও যুক্ত করতে হবে। তাই এবারের বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকতার মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিকে ব্যাপকভাবে জনসমক্ষে তুলে ধরা হবে।
সংগঠনটির সিদ্ধান্ত অনুযায়ী, বাকশিসের প্রতিটি জেলা ও মহানগর শাখাকে নিজ নিজ এলাকায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ যথাযোগ্য গুরুত্ব ও আড়ম্বরের সঙ্গে পালন করার আহ্বান জানানো হয়েছে।
এ উপলক্ষে ব্যানার, পোস্টার, ফেস্টুন, র্যালি, আলোচনা সভা, সেমিনার, প্রকাশনা, শিক্ষক সংবর্ধনা, শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা যেতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদের সম্মাননা ও উপহার গ্রহণের মতো কর্মসূচিও রাখা যেতে পারে।
বাকশিস নেতৃবৃন্দ মনে করেন, বিশ্ব শিক্ষক দিবস শুধু শিক্ষকদের সম্মান জানানোর একটি দিন নয়; এটি শিক্ষকতার মর্যাদা, পেশাগত অধিকার, নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ এবং শিক্ষার ভবিষ্যৎ নিয়ে বৃহত্তর সামাজিক সংলাপেরও একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি প্রফেসর আবু তাহের চৌধুরী এবং সাধারণ সম্পাদক প্রিন্সিপাল আসাদুল হক সারাদেশের শিক্ষকসমাজকে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬-এর কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব