প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
শ্রীনগরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা দলের ৫ সদস্য গ্রেফতার
অহিদুল ইসলাম , সংবাদদাতা ||
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে ঝোপের আড়ালে ওৎ পেতে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ছিনতাই-ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, ধারালো ছুরি, টর্চলাইট, পাটের রশি ও ইলেকট্রিক টেপ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শ্রীনগর থানার এএসআই ইয়ার মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, উপজেলার বেজগাঁও এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে একটি ঝোপের আড়ালে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম নিয়ে অবস্থান করছে।সংবাদের ভিত্তিতে রাত ১০টা ৫০ মিনিটের দিকে পুলিশ বেজগাঁও এলাকায় এক্সপ্রেসওয়ের পাশে একটি পরিত্যক্ত পাম্পের কাছে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ৮ থেকে ৯ জন পালানোর চেষ্টা করলে পুলিশ পাঁচজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় কয়েকজন পালিয়ে যায়।গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. সুজন মোড়ল (২৪), মো. নাঈম ফকির (২০), মো. হাসান শেখ (১৯), মো. ফারুক (২৮) ও মো. মাসুম (৩৭)।পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানায়, তারা ঢাকা থেকে গাড়িযোগে মাওয়ায় ঘুরতে আসা লোকজনকে টার্গেট করত। পরে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের পাশে ঝোপের আড়ালে ওৎ পেতে থেকে গাছ ফেলে ছিনতাই বা ডাকাতি করার পরিকল্পনা করত।অভিযানে তাদের কাছ থেকে একটি কাঠের বাটসহ ১৬ ইঞ্চি লম্বা চাপাতি, ৮ দশমিক ৫ ইঞ্চি লম্বা একটি ধারালো লোহার ছুরি, একটি সবুজ রঙের রিচার্জেবল টর্চলাইট, আনুমানিক ১০ হাত লম্বা পাটের রশি এবং একটি কালো রঙের ইলেকট্রিক টেপ উদ্ধার করা হয়।গ্রেফতার সুজন মোড়লের বাড়ি ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার ইসপাহানী আগানগর এলাকায়। নাঈম ফকির মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার দক্ষিণ তাজপুর এলাকার বাসিন্দা। হাসান শেখ শ্রীনগর থানার একটি এলাকায়, ফারুক শরীয়তপুরের জাজিরা থানার কাজিরহাট এলাকায় এবং মাসুম ঢাকার কেরানীগঞ্জ থানার দিঘীরপাড় এলাকার বাসিন্দা।পুলিশ জানিয়েছে, গ্রেফতার পাঁচজনকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব