প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে গজারিয়ার বাজিমাত
অহিদুল ইসলাম , সংবাদদাতা ||
মুন্সীগঞ্জ জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে সিরাজদিখান থানাকে ৫০-২২ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গজারিয়া থানা।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্স মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় জনগণের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং পুলিশ ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।ফাইনাল খেলায় গজারিয়া থানা ও সিরাজদিখান থানা মুখোমুখি হয়। শুরু থেকেই উভয় দল দুর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শন করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও টানটান উত্তেজনাপূর্ণ খেলায় শেষ পর্যন্ত ৫০ পয়েন্ট অর্জন করে গজারিয়া থানা। অন্যদিকে সিরাজদিখান থানা পায় ২২ পয়েন্ট। ফলে ২৮ পয়েন্টের ব্যবধানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় গজারিয়া।ফাইনাল খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন অতিথিরা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌর প্রশাসক মৌসুমি মাহবুব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।অনুষ্ঠানে অতিথিরা বলেন, কমিউনিটি পুলিশ কাবাডি টুর্নামেন্টের মতো জনসম্পৃক্ত আয়োজন স্থানীয় জনগণের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করবে। একই সঙ্গে পুলিশ ও জনগণের মধ্যে আস্থা, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।তারা আরও বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা ও অংশীদারিত্ব বাড়ানোর পাশাপাশি মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।এ সময় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।টুর্নামেন্টে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন থানার সাধারণ জনগণের অংশগ্রহণে গঠিত মোট ছয়টি দল অংশ নেয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব