প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬
ফিড ও বিদুতের অস্বাভাবিক দাম বৃদ্ধি: কিশোরগঞ্জের কর্শাকড়িয়াইল ও দানাপাটুলীতে পোলট্রি খামারিরা দিশেহাড়া
সুলাইমান আহমদ, সংবাদদাতা ||
কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ও দানাপাটুলী ইউনিয়নে পোলট্রি খামারিরা চরম বিপাকে পড়েছেন। বাজারে ডিমের দাম কমলেও মুরগির ফিড (খাবার) ও বিদ্যুতের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে এই দুই ইউনিয়নের শত শত প্রান্তিক খামারি এখন পথে বসার উপক্রম হয়েছেন। উৎপাদন ব্যয় মেটাতে না পেরে অনেকেই খামার বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন।সরেজমিনে কর্শাকড়িয়াইল ইউনিয়নে গিয়ে কথা হয় প্রান্তিক খামারি বরকত মিয়ার সঙ্গে। তার ছোট খামারটিতে বর্তমানে ১,১০০টি মুরগি রয়েছে। খামারটি টিকিয়ে রাখতে প্রতিদিন তার আড়াই বস্তা ফিডের প্রয়োজন হয়। তিনি জানান, গত কয়েকদিনের ব্যবধানে বাজারে ফিডের দাম বস্তাপ্রতি ২২৫ টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে আগের চেয়ে এখন প্রতিদিন তাকে শুধু ফিড বাবদই অতিরিক্ত ৫৬২ টাকা গুনতে হচ্ছে।শুধু ফিডের দামই নয়, দানাপাটুলী ও কর্শাকড়িয়াইল এলাকার খামারিদের সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিদ্যুতের বাড়তি বিল ও তীব্র লোডশেডিং। স্থানীয় খামারিরা জানান, গত পাঁচ মাস আগেও খামারগুলোতে বিদ্যুৎ বিল আসত দুই থেকে আড়াই হাজার টাকার মতো। কিন্তু বর্তমানে তা বেড়ে সাত থেকে আট হাজার টাকায় গিয়ে ঠেকেছে। এর ওপর ভয়াবহ লোডশেডিংয়ের কারণে খামারে কাঙ্ক্ষিত তাপমাত্রা ও পরিবেশ বজায় রাখা সম্ভব হচ্ছে না। ফলে মুরগির রোগবালাই বাড়ার পাশাপাশি ডিম উৎপাদনও আশঙ্কাজনক হারে কমে গেছে।দানাপাটুলী এলাকার কয়েকজন খামারি হতাশা প্রকাশ করে বলেন, একদিকে ডিমের উৎপাদন কম, অন্যদিকে ফিড ও বিদ্যুতের পাশাপাশি মুরগির ওষুধের দামও কয়েক গুণ বেড়েছে। সব মিলিয়ে উৎপাদন খরচের সঙ্গে আয়ের কোনো মিল থাকছে না।কর্ণাকড়িয়াইল ও দানাপাটুলী ইউনিয়নের খামারিদের দাবি, বাজার সিন্ডিকেট ভেঙে ফিড ও ওষুধের দাম নিয়ন্ত্রণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা না গেলে এলাকার এই সম্ভাবনাময় পোলট্রি খাতটি খুব দ্রুতই ধ্বংস হয়ে যাবে। এ বিষয়ে তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব