প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড প্রদানের দাবি
মোঃ আশিফুল ইসলাম , ✅ গণমাধ্যম কর্মী ||
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফারহাদ হালিম ডোনার।তিনি বলেন, দেশে চিকিৎসাব্যবস্থার উন্নয়নে চিকিৎসকের পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগ নির্ণয় ও চিকিৎসাসেবার একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা। অথচ দীর্ঘদিন ধরে প্রশিক্ষিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নিয়োগ, পদোন্নতি ও বেতন-গ্রেড নিয়ে বৈষম্য রয়েছে।জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত ‘চিকিৎসা সেবায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বক্তারা বলেন, দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট না থাকায় সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক প্রতিষ্ঠানে জনবল সংকটের কারণে বিদ্যমান কর্মীদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। পাশাপাশি আধুনিক চিকিৎসাব্যবস্থায় ল্যাবরেটরি, রেডিওলজি ও অন্যান্য ডায়াগনস্টিক সেবার গুরুত্ব দিন দিন বাড়লেও এসব খাতে দক্ষ জনবল নিয়োগের ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি।সভায় বক্তারা আরও বলেন, প্রশিক্ষিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন। তাদের যোগ্যতা, দায়িত্ব ও কর্মপরিধি বিবেচনা করে যথাযথ মর্যাদা ও সম্মানজনক বেতন-গ্রেড নিশ্চিত করা প্রয়োজন।এ সময় বক্তারা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড প্রদানের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে শূন্য পদ পূরণ, নতুন পদ সৃষ্টি এবং প্রয়োজন অনুযায়ী জনবল নিয়োগের দাবি জানানো হয়।বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জনগণের জন্য আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হলে চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্টসহ সব শ্রেণির স্বাস্থ্যকর্মীর সমন্বিত ভূমিকা নিশ্চিত করতে হবে। তাই মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব