প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় দাদা-চাচার বিরুদ্ধে থানায় অভিযোগ
মোঃ মজনু মিয়া, গণমাধ্যম কর্মী ||
রংপুরের পীরগাছায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে পথরোধ করে উত্ত্যক্ত, অশ্লীল অঙ্গভঙ্গি, ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী দাদা ও চাচার বিরুদ্ধে।এ ঘটনায় কিশোরীর বাবা মানিক মিয়া বাদী হয়ে দুলাল মিয়া ও তার ছেলে সুমন মিয়ার বিরুদ্ধে পীরগাছা থানায় লিখিত অভিযোগ করেছেন।অভিযুক্তরা হলেন—তাম্বুলপুর ইউনিয়নের পূর্বদেবু এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে দুলাল মিয়া, বয়স ৫৫ বছর এবং তার ছেলে সুমন মিয়া, বয়স ৩০ বছর। ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।অভিযোগ সূত্রে জানা যায়, মাদ্রাসায় যাতায়াতের সময় দীর্ঘদিন ধরে দুলাল মিয়া ওই কিশোরীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও পথরোধ করতেন। বিষয়টি কিশোরী তার বাবাকে জানালে তিনি দুলাল মিয়াকে সতর্ক করেন।অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট রাত ৯টার দিকে এক আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে দুলাল মিয়ার বাড়ির সামনে পৌঁছালে তিনি পেছন থেকে কিশোরীর মুখ চেপে ধরে টানাহেঁচড়া করে নির্জন স্থানে নেওয়ার চেষ্টা করেন। এ সময় কিশোরী আত্মরক্ষার চেষ্টা করলে তাকে ছেড়ে দেন অভিযুক্ত। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুলাল মিয়া সেখান থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।পরদিন রাতেও কিশোরীর বাড়ির জানালার কাছে গিয়ে নাম ধরে ডাকাডাকি ও টাকার প্রলোভন দেখানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।সর্বশেষ গত ১ অক্টোবর দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে পূর্বদেবু এলাকায় এক আত্মীয়ের বাড়ির সামনে আবারও কিশোরীর পথরোধ করে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে দুলাল মিয়ার বিরুদ্ধে।অন্যদিকে, দুলাল মিয়ার ছেলে সুমন মিয়ার বিরুদ্ধে কিশোরীর পরিবারকে গালিগালাজ, ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ করেছেন তার বাবা।কিশোরীর বাবা মানিক মিয়া বলেন, মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করে প্রথমে পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলেন। কিন্তু একই ধরনের ঘটনা বারবার ঘটায় শেষ পর্যন্ত থানায় অভিযোগ করতে বাধ্য হয়েছেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন মানিক মিয়া।স্থানীয় কয়েকজনের দাবি, দুলাল মিয়ার বিরুদ্ধে এর আগেও নারীদের উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, কিশোরীর বাবা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।অভিযোগের বিষয়ে দুলাল মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।তবে তার ছেলে সুমন মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কাউকে হুমকি-ধমকি দেননি। বরং বিষয়টি নিয়ে আপস-মীমাংসার চেষ্টা করছেন। তার বাবা অপরাধ করে থাকলে আইন অনুযায়ী বিচার হবে বলেও জানান তিনি।
এখন অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং কিশোরীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন পরিবার ও স্থানীয়রা।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব