প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
হাজার কোটি টাকার প্রকল্প, তবুও বুড়িগঙ্গা বাঁচে না কেন?
মোঃআবুল হাসান সেখ, গণমাধ্যম কর্মী ||
রাজধানীর প্রাণ বুড়িগঙ্গা। একসময় যে নদীর পানিতে ছিল প্রাণের স্পন্দন, সেই নদী এখন দূষণ, দখল ও বর্জ্যের ভারে বিপর্যস্ত। নদী রক্ষায় বছরের পর বছর নেওয়া হয়েছে একের পর এক প্রকল্প। বরাদ্দ হয়েছে হাজার হাজার কোটি টাকা। প্রকল্প বাস্তবায়ন ও তদারকিতে রয়েছে বিপুল জনবল। দেওয়া হচ্ছে বেতন-ভাতা, পরিচালন ব্যয়ও হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার থেকে। কিন্তু প্রশ্ন—এত আয়োজনের পরও বুড়িগঙ্গার চেহারা বদলাচ্ছে কতটা?সাম্প্রতিক এক গবেষণার তথ্য অনুযায়ী, গত দুই দশকে বুড়িগঙ্গা-সম্পর্কিত আটটি প্রকল্পে অন্তত ৩ হাজার ২৯৪ কোটি টাকা ব্যয় হয়েছে। অথচ নদী পুনরুদ্ধারে ওই বিপুল অর্থ ব্যয়ের পরও দৃশ্যমান পরিবর্তন নিয়ে প্রশ্ন রয়ে গেছে।অন্যদিকে সরকারি তথ্যেই বুড়িগঙ্গা ও তুরাগে বিপুলসংখ্যক বর্জ্য নিঃসরণের উৎস শনাক্ত হওয়ার কথা উঠে এসেছে। অর্থাৎ একদিকে নদী রক্ষায় কোটি কোটি টাকা খরচ হচ্ছে, অন্যদিকে দূষণের উৎসগুলো যদি অব্যাহত থাকে—তাহলে প্রকল্পের কাঙ্ক্ষিত ফল আসবে কীভাবে?এখন সাধারণ মানুষের প্রশ্ন আরও সরাসরি—নদী বাঁচানোর জন্য যদি হাজার কোটি টাকা খরচ হয়, তাহলে নদী কেন এখনও দূষণের ভারে নুয়ে পড়বে?শুধু প্রকল্প গ্রহণ, বরাদ্দ ও জনবল নিয়োগ করলেই কি নদী রক্ষা সম্ভব? প্রকল্পের আওতায় থাকা কর্মকর্তা-কর্মচারীরা কী কাজ করছেন, তাঁদের দায়িত্ব কী, বছরে কত টাকা বেতন-ভাতা ও পরিচালন ব্যয়ে যাচ্ছে, প্রকল্পের নির্ধারিত লক্ষ্যমাত্রা কতটা অর্জিত হয়েছে—এসবের পূর্ণাঙ্গ হিসাব কি জনসম্মুখে আসছে?সবচেয়ে বড় প্রশ্ন, একই নদী রক্ষায় বারবার প্রকল্প নিতে হচ্ছে কেন? একটি প্রকল্প শেষ হওয়ার পর যদি নদীর দূষণ ও দখলের মূল সমস্যাগুলো থেকেই যায়, তাহলে প্রকল্পের সাফল্য পরিমাপের পদ্ধতি কী?বিশেষজ্ঞদের মতে, নদী রক্ষার জন্য শুধু অর্থ বরাদ্দ যথেষ্ট নয়। দূষণের উৎস বন্ধ, অবৈধ দখল উচ্ছেদ, বর্জ্য ব্যবস্থাপনা, নিয়মিত নজরদারি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম নিশ্চিত করতে হবে। না হলে প্রকল্পের পর প্রকল্প হলেও নদীর বাস্তব পরিস্থিতিতে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না।বুড়িগঙ্গাকে ঘিরে এখন তাই শুধু নতুন প্রকল্পের ঘোষণা নয়, প্রয়োজন পুরোনো প্রকল্পগুলোর পূর্ণাঙ্গ হিসাব ও ফলাফল প্রকাশের। কত টাকা বরাদ্দ হয়েছিল, কত টাকা খরচ হয়েছে, কী কাজ হয়েছে, কতটা লক্ষ্য অর্জিত হয়েছে এবং বর্তমানে নদীর অবস্থাই বা কী—এসব প্রশ্নের উত্তর জনগণের জানার অধিকার রয়েছে।কারণ রাষ্ট্রের অর্থ জনগণের অর্থ। সেই অর্থে বছরের পর বছর প্রকল্প চলবে, জনবল থাকবে, বেতন-ভাতা ও প্রশাসনিক ব্যয় হবে—কিন্তু নদী যদি আগের মতোই দূষিত থাকে, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে—“হাজার হাজার কোটি টাকা খরচের পরও বুড়িগঙ্গা কেন বাঁচল না?”
এখন সময় শুধু প্রকল্প বাড়ানোর নয়; প্রকল্পের ফলাফল, ব্যয়ের স্বচ্ছতা এবং দায়বদ্ধতার হিসাব প্রকাশের।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব