প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
পীরগাছায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ।
মোঃ মজনু মিয়া, গণমাধ্যম কর্মী ||
রংপুরের পীরগাছায় পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট ছিটিয়ে প্রায় ১৫ মণ মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পুকুরের মালিক সাহেব উদ্দিন।এ ঘটনায় দুজনকে অভিযুক্ত করে পীরগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।বুধবার (৮ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের সোনারায় এলাকায় এ ঘটনা ঘটে।অভিযুক্তরা হলেন—একই এলাকার মৃত আলী আহম্মেদের ছেলে মাহামুদ জিয়ারুল ও তাঁর স্ত্রী শরিফা খাতুন।অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাহেব উদ্দিনের বাড়ির পাশে ৪৪ শতক জমির ওপর একটি পুকুর রয়েছে। সেখানে বিভিন্ন জাতের মাছ চাষ করেন তিনি। জমি নিয়ে অভিযুক্তদের সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।সাহেব উদ্দিনের দাবি, প্রায় চার বছর আগেও ওই পুকুরে বিষাক্ত পদার্থ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছিল। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়।এদিকে গত ১৬ সেপ্টেম্বর রাতে মারপিট এবং পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট ছিটিয়ে মাছ মেরে ফেলার অভিযোগে পীরগাছার আমলি আদালতে একটি সিআর মামলা করেন সাহেব উদ্দিন। তাঁর দাবি, মামলা করার পর থেকেই অভিযুক্তরা পুকুরের মাছের ক্ষতি করার হুমকি দিয়ে আসছিলেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন। মামলা নম্বর—৩৭১/২৬।সাহেব উদ্দিন অভিযোগ করেন, এরই ধারাবাহিকতায় বুধবার রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে অভিযুক্তরা পুকুরপাড়ে গিয়ে পানিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট ছিটিয়ে দেন।ভোরে নামাজ শেষে পুকুরপাড়ে গিয়ে পানিতে মাছ ভাসতে দেখেন তিনি। তাঁর দাবি, এতে প্রায় ১৫ মণ মাছ মারা গেছে।এ ঘটনার বিষয়ে অভিযুক্তদের বাড়িতে জানতে গেলে তাঁকে গালিগালাজ, মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন সাহেব উদ্দিন।ভুক্তভোগী সাহেব উদ্দিন বলেন, পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দেওয়ার কারণে অনেক মাছ মারা গেছে। এতে তাঁর প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।তবে অভিযোগ অস্বীকার করেছেন মাহামুদ জিয়ারুল। তাঁর দাবি, পূর্বশত্রুতা ও আগের মামলার জের ধরে হয়রানি করতে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। তাঁর ভাষ্য, মাছ মারা গেলেও পুকুরের সব মাছ মারা যায়নি; কয়েকটি সিলভার কার্প মারা গেছে।এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম মালিক জানান, ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।ঘটনার প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব