প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে মিলল ধস্তাধস্তির চিহ্ন
মোঃ আনোয়ার হোসেন ||
কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে (১৪) হত্যার ঘটনাস্থলে দৌড়াদৌড়ি ও ধস্তাধস্তির চিহ্ন মিলেছে। অন্তত চার থেকে পাঁচটি ধানক্ষেতের গাছ এলোমেলো হয়ে আছে। ঘটনাস্থল দেখে স্থানীয়দের ধারণা, হত্যাকারীদের হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিল কিশোরীটি।বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলের পাশে একটি সিএনজিচালিত অটোরিকশাও পড়ে থাকতে দেখা যায়।সরেজমিনে দেখা যায়, জগতপুর গ্রামের ভেতর দিয়ে চলে গেছে নির্জন পাকা সড়ক। সড়কের দুই পাশে বিস্তৃত ফসলের মাঠ। সড়কের মাঝামাঝি এলাকার চার থেকে পাঁচটি ধানক্ষেতে দৌড়াদৌড়ির চিহ্ন রয়েছে। ধানগাছগুলো এলোমেলো হয়ে পড়ে আছে।স্থানীয় বাসিন্দা রুহুল আমিন জানান, সকালে ধানক্ষেতে একটি সিএনজি পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যান। এর ২০ থেকে ৩০ গজ দূরে একটি হাতব্যাগ পড়ে ছিল। সামনে এগিয়ে একটি ধানক্ষেতে তিনি মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের মাথা কাদায় ডোবানো ছিল, শরীরে কোনো পোশাক ছিল না এবং গলায় গামছা পেঁচানো ছিল। পরে তিনি ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন।আরেক স্থানীয় মো. মুহিন বলেন, ধানক্ষেতের অবস্থা দেখেই বোঝা যায় মেয়েটিকে অনেক কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে।কুমিল্লার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ অঞ্চল) মোস্তাইন বিল্লাহ জানান, নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা সিএনজিটির নিবন্ধন রয়েছে এবং সেটির সূত্র ধরে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।এ ঘটনায় নিহতের বাবা আব্দুল আলিম বাদী হয়ে লালমাই থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন।নিহত জান্নাতুল তাজমিন যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের আব্দুল আলিমের মেয়ে। সে কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তন বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কুমিল্লা অঞ্চলে চাকরি করেন। পরিবারসহ তারা কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় ভাড়া বাসায় থাকতেন।ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মরদেহ নিয়ে যশোরের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন স্বজনরা। সেখানকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব