প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
চট্টগ্রামে এলপিজি বাজারে কঠোর নজরদারি, চলবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
মোঃ ফজলুল আব্বাস চৌধুরী, সংবাদদাতা ||
চট্টগ্রামে এলপিজি বাজারে কঠোর নজরদারি, চলবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানএলপিজি গ্যাসের অবৈধ মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে আজ থেকে মাঠে চট্টগ্রামে বাজার তদারকি জোরদার করেছে জেলা প্রশাসন। আমদানিকারক থেকে শুরু করে পরিবেশক ও খুচরা বিক্রেতা পর্যন্ত সরবরাহব্যবস্থার প্রতিটি ধাপে নজরদারি করা হচ্ছে। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করতে অব্যাহত রয়েছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।শুক্রবার (৯ অক্টোবর) বিকালে সাংবাদিকদের এসব তথ্য জানান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের কাছে নির্ধারিত মূল্যে গ্যাস পৌঁছে দিতে জেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। কোনো পর্যায়ে গ্যাস মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত দাম আদায়ের সুযোগ দেওয়া হবে না।সরবরাহব্যবস্থার প্রতিটি ধাপে নজরদারিজেলা প্রশাসক জানান, দেশে এলপিজি আমদানি ও সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র চট্টগ্রাম। দেশের ২১টি মাদার প্ল্যান্টের মধ্যে সাতটি চট্টগ্রামে এবং বাকি ১৪টি মোংলায় অবস্থিত। এসব প্ল্যান্টে কোন প্রতিষ্ঠান কী পরিমাণ এলপিজি আমদানি করছে এবং কোথায় কতটুকু সরবরাহ করা হচ্ছে, তা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।এলপিজি আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে একটি তদারকি কমিটিও গঠন করেছে জেলা প্রশাসন। এই কমিটির মাধ্যমে আমদানির পর কতটুকু গ্যাস পরিবেশকদের কাছে যাচ্ছে এবং সেখান থেকে কী পরিমাণ খুচরা বাজারে পৌঁছাচ্ছে, সেই তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে।মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমদানিকারক থেকে খুচরা বিক্রেতা পর্যন্ত সরবরাহের প্রতিটি ধাপে নজরদারি বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দপ্তরগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ চলছে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে গ্যাস আটকে রেখে সংকট তৈরি করতে কিংবা অতিরিক্ত দামে বিক্রি করতে না পারে।নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থাএলপিজির মূল্যবৃদ্ধি ও মজুতদারির অভিযোগের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করা হয়েছে। জেলা প্রশাসক জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির নির্ধারিত দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করেছে। নতুন দাম কার্যকরের পর বিক্রেতারা ক্রেতাদের কাছ থেকে নির্ধারিত মূল্যের বেশি অর্থ আদায় করছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।ডিলারদের বিরুদ্ধে মূল্য কারসাজির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, দাম বাড়ানোর আগে চট্টগ্রামের কয়েকজন খুচরা ব্যবসায়ী জেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছিলেন। তাঁদের অভিযোগ ছিল, কিছু ডিলার কারসাজির মাধ্যমে গ্যাসের দাম বাড়াচ্ছেন। তবে নতুন দাম কার্যকর হওয়ার পর এ ধরনের আর কোনো অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ না থাকলেও বাজার তদারকি বন্ধ হয়নি উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও সরবরাহব্যবস্থা পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।আন্তর্জাতিক পরিস্থিতিতে আমদানিতে জটিলতাএলপিজি সরবরাহে সাম্প্রতিক জটিলতার কারণ তুলে ধরে জেলা প্রশাসক বলেন, ইরান-যুক্তরাষ্ট্র সংকটের কারণে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধা সৃষ্টি হওয়ায় কাতার ও ওমানসহ বিভিন্ন দেশ থেকে এলপিজি আমদানিতে জটিলতা তৈরি হয়েছিল। তবে দেশের অভ্যন্তরে গ্যাসের চাহিদা অপরিবর্তিত রয়েছে।জেলা প্রশাসকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে বছরে প্রায় ১৮ লাখ মেট্রিক টন এলপিজির চাহিদা রয়েছে। এর মধ্যে সরকারি খাত থেকে সরবরাহ করা হয় প্রায় ১ শতাংশ। বাকি চাহিদার বড় অংশ পূরণ করে প্রায় ১৯টি বেসরকারি প্রতিষ্ঠান।ভোক্তাদের স্বার্থ রক্ষায় অভিযান অব্যাহতআন্তর্জাতিক পরিস্থিতির কারণে এলপিজি সরবরাহে চাপ তৈরি হলেও চট্টগ্রামের বাজারে এর সুযোগ নিয়ে কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক রয়েছে জেলা প্রশাসন।জেলা প্রশাসক বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করা, অবৈধ মজুতদারি বন্ধ করা এবং মূল্য কারসাজি প্রতিরোধে বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।জেলা প্রশাসনের এ উদ্যোগের লক্ষ্য হলো এলপিজির সরবরাহব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখা, অনিয়ম প্রতিরোধ করা এবং ভোক্তাদের ন্যায্য মূল্যে গ্যাসপ্রাপ্তি নিশ্চিত করা।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব