প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শেষ মুহূর্তে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা
সৈয়দ উসামা , গণমাধ্যম কর্মী ||
যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়ায় শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত করা হয়েছে। নির্ধারিত সময়ের মাত্র ১৫ মিনিট আগে পরীক্ষা বন্ধের ঘোষণা আসায় চরম ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীরা। দীর্ঘ প্রস্তুতি, আর্থিক ব্যয় ও দূরদূরান্ত থেকে রাজধানীতে এসে উপস্থিত হওয়ার পর এমন সিদ্ধান্তে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন চাকরিপ্রার্থীরা।শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে (১১তম গ্রেড) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে সারা দেশ থেকে তিন লাখেরও বেশি প্রার্থীর অংশ নেওয়ার প্রস্তুতি ছিল। পরীক্ষা আয়োজনের জন্য রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রও প্রস্তুত করা হয়েছিল। তবে পরীক্ষার কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়ার পর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।পরীক্ষার দিন সকালে বিভিন্ন কেন্দ্রে উপস্থিত প্রার্থীরা নির্ধারিত নিয়মে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। অনেক কেন্দ্রে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করানো হয় এবং ওএমআর শিটও বিতরণ করা হয়। এমন পরিস্থিতিতে পরীক্ষা শুরুর মাত্র ১৫ মিনিট আগে স্থগিতের ঘোষণা আসায় পুরো ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সত্যতা যাচাই এবং নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ প্রার্থীরা।রাজধানীর মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে আসা চাকরিপ্রার্থী মাহিন ইসলাম জানান, নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষার্থীরা হলে প্রবেশ করেছিলেন। তাঁদের ওএমআর শিটও দেওয়া হয়। কিন্তু সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে প্রশ্নপত্র ফাঁসের কারণে পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়।হতাশা প্রকাশ করে মাহিন ইসলাম বলেন, “প্রশ্ন ফাঁস এ দেশের একটা ব্যাধি। আমি নোয়াখালী থেকে আগের রাতে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে ঢাকায় এসেছি। এত দূর থেকে পরীক্ষা দিতে এসে যখন জানতে পারলাম প্রশ্ন ফাঁস হয়েছে, তখন খুব দুঃখ পেলাম। কবে নাগাদ এই প্রশ্ন ফাঁস বন্ধ হবে, আর আমাদের মতো তরুণরা বেকার থেকে চাকরিজীবী হবে—সেই আশায় দিন গুনছি।”এদিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রতিবাদে শনিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, নিয়োগ পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠলে তার নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। একই সঙ্গে পরীক্ষার্থীদের সময়, অর্থ ও শ্রমের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত পরবর্তী পরীক্ষার তারিখ নির্ধারণ এবং স্বচ্ছ পরিবেশে পরীক্ষা আয়োজনের দাবি জানান তাঁরা।পরীক্ষা স্থগিতের বিষয়ে যুব উন্নয়ন অধিদফতরের সহকারী পরিচালক (প্রশাসন-৫) মো. মাজহারুল হক গণমাধ্যমকে জানান, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের উৎস, এর সত্যতা যাচাই এবং এ ঘটনায় কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেছে কি না—এসব বিষয়ে স্পষ্ট তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের প্রত্যাশা, শুধু পরীক্ষা স্থগিত করেই দায়িত্ব শেষ না করে অভিযোগের যথাযথ তদন্ত, জবাবদিহি নিশ্চিত এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।লাখো চাকরিপ্রার্থীর কাছে একটি নিয়োগ পরীক্ষা কেবল চাকরি পাওয়ার সুযোগ নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে দীর্ঘদিনের প্রস্তুতি, পরিবারের প্রত্যাশা এবং আর্থিক ত্যাগ। তাই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের নিরপেক্ষ নিষ্পত্তি, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করা এবং দ্রুত নতুন সময়সূচি প্রকাশ করাই এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব