প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
তালাবদ্ধ বাড়িও অনিরাপদ, চন্দনাইশে কিশোর গ্যাংয়ের উৎপাত
মোঃ ফজলুল আব্বাস চৌধুরী, সংবাদদাতা ||
তালাবদ্ধ বাড়িও অনিরাপদ, চন্দনাইশে কিশোর গ্যাংয়ের উৎপাতচুরি-ডাকাতি-ছিনতাইয়ে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা, বাড়ছে নিরাপত্তাহীনতাচন্দনাইশ প্রতিনিধি: রাত যত গভীর হয়, ততই বাড়ে আতঙ্ক। কোথাও বসতঘরের দরজা ভেঙে চুরি, কোথাও অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি। ব্যবসাপ্রতিষ্ঠান, সাংবাদিকের বাসাবাড়ি, যানবাহন, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানেও ঘটছে চুরির ঘটনা। পাশাপাশি কিশোর গ্যাংয়ের হামলা ও ছুরিকাঘাতের অভিযোগে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এমন পরিস্থিতিতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাজুড়ে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।চন্দনাইশ সদরের অন্যতম বিনোদনকেন্দ্র শাহ আমিন নগর পার্কও কিশোর গ্যাংয়ের উৎপাতের কারণে তালাবদ্ধ রয়েছে বলে জানা গেছে। ফলে নিরাপদ পরিবেশে অবসর কাটানোর সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত নয় মাসে চন্দনাইশে হত্যা ও আত্মহত্যাসহ অন্তত ১২ জনের মৃত্যুর ঘটনা, সাতটি ডাকাতি এবং ২৫টির বেশি চুরির ঘটনা নথিভুক্ত হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিক এসব অপরাধের ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে।অভিযোগ রয়েছে, হাশিমপুরের বিজয়ারাম বিহারে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। এ ছাড়া শিক্ষক রাজন আচার্যের ভাড়া বাসা থেকে আট ভরি স্বর্ণালংকার চুরি, পৌরসভা এলাকায় দুই সাংবাদিকের বসতবাড়িতে চুরি এবং কালিরহাট এলাকায় টিংকুর বাড়ি থেকে নগদ ৫০ হাজার টাকাসহ ২২ লাখ টাকার বেশি মালামাল চুরির ঘটনা ঘটেছে।দোহাজারীর দেওয়ানহাট এলাকায় পৌরসভার হোসেন মেম্বারের ছেলে মোহাম্মদ জয়নাল আবেদীনের বাড়ি থেকে প্রায় ৬০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ রয়েছে। দক্ষিণ গাছবাড়িয়া নতুনপাড়ায় আবুল খায়েরের বাড়িতে প্রশাসনের লোক পরিচয়ে প্রবেশ করে ২৩ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া মাইক্রোবাসচালক ইসলামের ঘরে ডাকাতি করে ২৭ লাখ টাকার বেশি মালামাল লুট এবং বৈলতলী এলাকায় প্রবাসী বেলাল হোসেনের বাড়িতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে ডাকাতি করে ২০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ রয়েছে।একের পর এক এসব ঘটনায় শুধু ব্যক্তিগত বাসাবাড়িই নয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ মালামালও চুরির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের অভিযোগ, ধারাবাহিক অপরাধের ঘটনায় কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা দৃশ্যমান না হওয়ায় অপরাধীরা সুযোগ পাচ্ছে। সন্ধ্যার পর চলাচল, রাতে বাড়িতে থাকা এবং ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অনেকে। তাঁদের দাবি, নিয়মিত টহল জোরদার, সন্দেহভাজন অপরাধীদের শনাক্ত এবং চুরি-ডাকাতির ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন।এদিকে জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় এবং চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান চলছে। এসব অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক দস্যুতা মামলার আসামি, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ব্যক্তি, মাদকসেবী ও সিআর মামলার আসামিদের গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে।চন্দনাইশ থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, “চন্দনাইশের বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ টিমের মাধ্যমে অভিযান চালানো হচ্ছে। মাদকসেবী, ছিনতাইকারীসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হচ্ছে। কোথাও অপরাধের খবর পাওয়া গেলে পুলিশ সেখানে ছুটে যাচ্ছে।”তিনি আরও বলেন, যেসব আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হচ্ছে, তাঁদের কেউ কেউ জামিনে বের হয়ে পুনরায় বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছেন।তবে ধারাবাহিক চুরি-ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের দৃশ্যমান অগ্রগতি দেখতে চান স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধ, রাতের নিরাপত্তা জোরদার এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে সংশ্লিষ্ট প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব