প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
পীরগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জন-সচেতনতামূলক মহড়া
মোঃ মজনু মিয়া, গণমাধ্যম কর্মী ||
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগাছায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক মহড়ার আয়োজন করা হয়।মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগের ঝুঁকি কমাতে পারিবারিক ও স্থানীয় পর্যায়ে প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরবাড়ি ও নিজস্ব আঙিনা থেকেই সচেতনতা গড়ে তুলতে পারলে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।বক্তারা আরও বলেন, পীরগাছাকে দুর্যোগ-সহনশীল উপজেলা হিসেবে গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও প্রস্তুত থাকতে হবে। দুর্যোগের আগে সতর্কতা, জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে জ্ঞান এবং সম্মিলিত উদ্যোগই দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় তাঁরা দুর্যোগ মোকাবিলায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এনামুল হক, এলজিইডি কর্মকর্তা আসাদুজ্জামান জেমি ও কৃষি কর্মকর্তা তারেক হাসান তাহসিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের প্রতিনিধি, ফায়ার সার্ভিসের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে দুর্যোগকালীন উদ্ধার তৎপরতা, প্রাথমিক সতর্কতা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে একটি সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়। মহড়ার মাধ্যমে দুর্যোগের সময় দ্রুত ও সমন্বিতভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং জানমালের ক্ষয়ক্ষতি কমানোর গুরুত্ব তুলে ধরা হয়।দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও আগাম প্রস্তুতি নিশ্চিত করার প্রত্যয় নিয়ে দিবসটির কর্মসূচি শেষ হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব