প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
লোহাগাড়ায় পাটের বস্তা ব্যবহারে কঠোর প্রশাসন: ভ্রাম্যমাণ আদালতে ৪০ হাজার টাকা জরিমানা
ফাহাদ চৌধুরী ||
চট্টগ্রামের লোহাগাড়ায় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল ১০টার দিকে উপজেলার পদুয়া বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেং।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজার তদারকির অংশ হিসেবে পদুয়া বাজারের বিভিন্ন চালকল ও চাল বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় পণ্যে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’-এর সংশ্লিষ্ট ধারায় বাহাদুর অটো রাইস মিল, তাজবিদ রাইস এজেন্সি, আল মদিনা অটো রাইস মিল এবং মেসার্স আরিফ রাইস মিলকে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মং এছেং জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী পণ্যে পাটের মোড়ক ব্যবহার নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব