প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
মক্কায় মসজিদের পবিত্রতা লঙ্ঘনের মামলায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
সৈয়দ উসামা , গণমাধ্যম কর্মী ||
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে এ দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, মসজিদের ভেতরে সংঘটিত কর্মকাণ্ডের অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী তাদের আটক করে। পরবর্তী সময়ে তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।তদন্ত শেষে আদালতে মামলা, বহাল থাকে মৃত্যুদণ্ডসৌদি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, তদন্ত শেষে মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হলে বিচারিক প্রক্রিয়ায় দুই আসামিকে দোষী সাব্যস্ত করা হয়। অপরাধের গুরুতরতা এবং পবিত্র স্থান ও সময়ের মর্যাদা লঙ্ঘনের বিষয় বিবেচনায় নিয়ে আদালত তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেন।পরবর্তী সময়ে সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষের অনুমোদনে রায় চূড়ান্ত হয়। এরপর সাজা কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হলে বুধবার মক্কা অঞ্চলে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।পবিত্র স্থানের মর্যাদা রক্ষায় কঠোর অবস্থানের কথা জানাল রিয়াদসৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামি আইন অনুযায়ী বিচারিক সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে মসজিদের পবিত্রতা ও মর্যাদা ক্ষুণ্ন করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত রাখার কথা জানিয়েছে মন্ত্রণালয়।বিবৃতিতে ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদেরও আইন অনুযায়ী শাস্তির মুখোমুখি হওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে।
তবে যে কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তার সুনির্দিষ্ট বিবরণ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়নি। এ ঘটনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেছে কি না, তা-ও এই প্রতিবেদনের তথ্যসূত্রে নিশ্চিত করা যায়নি।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব