প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
শ্রীনগর থেকে নিখোঁজ ৩ স্কুলছাত্রী কক্সবাজার থেকে উদ্ধার
অহিদুল ইসলাম , সংবাদদাতা ||
মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে কক্সবাজার থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ। পরে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখ ভোরে শ্রীনগর থানাধীন উত্তর বালাসুর নতুন বাজার এলাকার বাসিন্দা ভাগ্যকুল হরেন্দ্রনাথ স্কুলের অষ্টম শ্রেণির দুই ছাত্রী এবং দারুল উলুম মহিলা মাদ্রাসা, নতুন বাজার, বালাসুরের সপ্তম শ্রেণির এক ছাত্রী প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার উদ্দেশ্যে সকাল ৬টা ৪০ মিনিটের দিকে নিজ নিজ বাসা থেকে বের হয়। তবে তারা আর বাড়িতে ফিরে আসেনি।পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে ১৫ অক্টোবর নিখোঁজ এক ছাত্রীর মা শ্রীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।পুলিশের তৎপরতায় শুরু হয় অভিযানপুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর দিকনির্দেশনায় নিখোঁজ তিন ছাত্রীকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে শ্রীনগর থানা পুলিশ তদন্ত ও অভিযান শুরু করে।তদন্তের একপর্যায়ে শ্রীনগর থানার এসআই শফিকুল ইসলাম নির্ভরযোগ্য সূত্রে জানতে পারেন, রাঙামাটির কোতোয়ালি এলাকার ১৬ বছর বয়সী এক কিশোরের সঙ্গে নিখোঁজ এক ছাত্রীর টিকটক ও ফ্রি ফায়ার গেম খেলার মাধ্যমে পরিচয় হয়েছিল। পরবর্তীতে ওই কিশোরের সঙ্গে যোগাযোগ করে পুলিশ জানতে পারে, তিন ছাত্রী চট্টগ্রাম হয়ে কক্সবাজারে অবস্থান করছে।এরপর শ্রীনগর থানা পুলিশের একটি অভিযানিক দল রাঙামাটির কোতোয়ালি এলাকায় গিয়ে ওই কিশোরকে জিজ্ঞাসাবাদ করে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কক্সবাজারে অভিযান পরিচালনা করে।কক্সবাজারের হোটেল থেকে উদ্ধারপুলিশের অভিযানে ১৭ অক্টোবর ২০২৬ তারিখ রাত ৩টা ৪০ মিনিটের দিকে কক্সবাজারের কলাতলী এলাকার Grand Taj Hotel & Resort থেকে তিন ছাত্রীকে উদ্ধার করে হেফাজতে নেয় শ্রীনগর থানা পুলিশ।পুলিশ জানায়, তারা নিজেদের নবম শ্রেণির ছাত্রী পরিচয় দিয়ে মিরপুরের একটি ভুয়া ঠিকানা ব্যবহার করে তিন দিনের জন্য ২০ হাজার টাকায় একটি কক্ষ ভাড়া নিয়েছিল। হোটেলে কক্ষ ভাড়া নেওয়ার ক্ষেত্রে কক্সবাজারের স্থানীয় এক অটোরিকশাচালক তাদের সহযোগিতা করেন বলে জানা গেছে।পারিবারিক অশান্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবজিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ছাত্রীরা জানায়, বাবা-মায়ের মধ্যে মনোমালিন্য, পারিবারিক অশান্তি, কঠোর অনুশাসন, নিয়মিত অপমান, স্বাধীনতার অভাব ও তুচ্ছতাচ্ছিল্যের কারণে তারা মানসিকভাবে অতিষ্ঠ হয়ে পড়েছিল।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও প্রতীয়মান হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের মাধ্যমে তারা এক ধরনের আসক্তি ও ফ্যান্টাসিতে জড়িয়ে পড়েছিল। এর প্রভাবেই তারা সম্ভাব্য বিপদের কথা না ভেবে বাড়ি থেকে বের হয়ে ঢাকা, চট্টগ্রাম হয়ে কক্সবাজারে যাওয়ার সিদ্ধান্ত নেয়।এমনকি কক্সবাজার থেকে সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশে যাওয়ার একটি অনির্দিষ্ট পরিকল্পনাও তাদের মধ্যে ছিল বলে পুলিশ জানিয়েছে।অল্প সময়ের মধ্যেই তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অভিযান পরিচালনা করে তিন ছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে মুন্সীগঞ্জ জেলা পুলিশ। পরবর্তীতে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, বিপদে-আপদে যেকোনো সময় বাংলাদেশ পুলিশ জনগণের পাশে রয়েছে। একই সঙ্গে শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গেম ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব