প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
সাভারে পূজার চাল নিয়ে বিতর্ক, ৬০০ কেজির বিপরীতে মিলছে ২০ হাজার টাকা!
মোঃ সুমন মিয়া, গণমাধ্যম কর্মী ||
সাভারে পূজার চাল নিয়ে বিতর্ক, ৬০০ কেজির বিপরীতে মিলছে ২০ হাজার টাকা!শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব উদ্যাপন সহজ ও আনন্দময় করতে এ বছর প্রতিটি পূজামণ্ডপে সরকারি চালের বরাদ্দ ৫০০ কেজি থেকে বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে। তবে চালের বরাদ্দ বাড়লেও বাড়েনি নগদ অর্থ। গত বছরের হিসাবে প্রতিটি মণ্ডপে ৪ হাজার টাকা কম দেওয়া হচ্ছে। এ হিসাবে সাভার উপজেলার ২৩৮টি পূজামণ্ডপে মোট ৯ লাখ ৫২ হাজার টাকা কম পাচ্ছেন মণ্ডপসংশ্লিষ্টরা। সরকারি বরাদ্দ বাড়ানোর পরও নগদ অর্থ একই থাকায় পূজামণ্ডপের চাল কেনাবেচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।সনাতন ধর্মাবলম্বীদের প্রতি সরকারের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। স্থানীয় বিএনপির অনেক নেতাকর্মীও দুর্গাপূজা উপলক্ষে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। তবে সরকারি চালের বরাদ্দের বিপরীতে নগদ অর্থ প্রদানের পদ্ধতি নিয়ে সাভারের কয়েকটি পূজামণ্ডপের প্রতিনিধিদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।অনুসন্ধানে জানা গেছে, সাভার উপজেলার ২৩৮টি পূজামণ্ডপের প্রতিটির জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট মণ্ডপ কর্তৃপক্ষ বরাদ্দপত্র নিয়ে খাদ্যগুদাম থেকে চাল সংগ্রহ করতে পারেন। কিন্তু অভিযোগ উঠেছে, বরাদ্দপত্র হাতে পাওয়ার পরই সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে বসে মীর রফিকুল ইসলাম সানী নামে এক ব্যক্তি মণ্ডপের প্রতিনিধিদের কাছ থেকে বরাদ্দপত্র নিয়ে চাল কিনে নিচ্ছেন। এতে প্রতিনিধিরা গুদাম থেকে চাল সংগ্রহের আগেই ৬০০ কেজি চালের বিপরীতে ২০ হাজার টাকা পাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি চালের বিপরীতে কেজিপ্রতি ৪০ টাকা হিসাবে ২০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এ বছর চালের বরাদ্দ বেড়ে ৬০০ কেজি হওয়ায় একই দর ধরে নগদ অর্থ পাওয়ার কথা ২৪ হাজার টাকা। কিন্তু দেওয়া হচ্ছে ২০ হাজার টাকা। ফলে প্রতিটি মণ্ডপে ৪ হাজার টাকা করে কম পাওয়া যাচ্ছে। উপজেলার ২৩৮টি মণ্ডপের হিসাবে এ ঘাটতির পরিমাণ দাঁড়ায় ৯ লাখ ৫২ হাজার টাকা।শুধু তা-ই নয়, এ বছর ৬০০ কেজি চালের বিপরীতে ২০ হাজার টাকা দেওয়া হলে প্রতি কেজি চালের দাম দাঁড়ায় প্রায় ৩৩ টাকা ৩৩ পয়সা। গত বছরের ৪০ টাকা কেজি দরের তুলনায় এবার প্রতি কেজিতে ৬ টাকা ৬৭ পয়সা কম পাওয়া যাচ্ছে। ফলে চালের বরাদ্দ বাড়লেও নগদ অর্থ অপরিবর্তিত রাখার বিষয়টি এবং চাল বিক্রির ক্ষেত্রে অনুসৃত পদ্ধতি নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।নাম প্রকাশ না করার শর্তে সাভারের কয়েকটি পূজামণ্ডপের দায়িত্বশীল প্রতিনিধি বলেন, সরকারিভাবে চালের বরাদ্দ বাড়ানোর খবর শুনে আমরা খুশি হয়েছিলাম। কিন্তু খাদ্যগুদাম থেকে চাল তুলে নেওয়ার আগেই পিআইও অফিস থেকে বরাদ্দপত্র হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে সানী ও তাঁর লোকজন তা নিয়ে নেন। বিনিময়ে আমাদের ২০ হাজার টাকা দেওয়া হয়। এ নিয়ে কথা বলে কোনো ঝামেলায় জড়াতে চাই না। তবে বরাদ্দের তুলনায় টাকা কম পাওয়ায় আমাদের মধ্যে ক্ষোভ রয়েছে।অভিযোগের বিষয়ে মীর রফিকুল ইসলাম সানী বলেন, সাভারের পার্শ্ববর্তী উপজেলাগুলোতে যেভাবে টাকা দেওয়া হচ্ছে, আমিও সেভাবেই টাকা দিচ্ছি। আমি তো আর বাড়তি টাকা দিতে পারি না। কোনো মণ্ডপ কর্তৃপক্ষ আমার কাছে চাল বিক্রি না করে চাল নিতে চাইলে নিতে পারবে। তবে অন্য কোথাও বিক্রি করতে পারবে না। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর পর্যন্ত ১০৪টি মণ্ডপ কর্তৃপক্ষের কাছ থেকে চাল কিনেছেন বলেও জানান তিনি।সাভার উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস বলেন, মণ্ডপের চাল কেনাবেচার কোনো সিন্ডিকেটের সঙ্গে আমি জড়িত নই। আমরা সরকারি বরাদ্দপত্র দিয়ে দিচ্ছি। এরপর মণ্ডপ কর্তৃপক্ষ চাল বিক্রি করবে, নাকি নিজেরা নিয়ে যাবে, আর বিক্রি করলে কত টাকায় বিক্রি করবে- সেটি তাদের বিষয়। আমরা মণ্ডপের জন্য যে বরাদ্দ পাব, তা যেখানে বেশি দাম পাওয়া যাবে, সেখানেই বিক্রি করব। এ চালে আমাদের হবে না, আরও ভালো মানের চিকন চাল লাগবে।সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ফাইজুল ইসলাম বলেন, সাভার উপজেলায় ২৩৮টি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে সাভার পৌরসভায় তিনটি মণ্ডপে এ বছর পূজা হবে না। মঙ্গলবার দুপুর পর্যন্ত ১৩০টি মণ্ডপে ৬০০ কেজি করে চালের বরাদ্দপত্র দেওয়া হয়েছে। চাল নিয়ে মণ্ডপ কর্তৃপক্ষ বিক্রি করতে পারে, আবার নিজেরাও নিয়ে যেতে পারে- এটি তাদের সিদ্ধান্তের বিষয়। চাল বিক্রির বিষয়টি আমরা নিয়ন্ত্রণ করছি না। মণ্ডপ কর্তৃপক্ষ যেখানে ভালো দাম পাবে, সেখানেই বিক্রি করবে। এ বিষয়ে সরকারের কোনো নির্দেশনা নেই।তিনি আরও বলেন, আমার এখানে বসে চাল বিক্রি হচ্ছে না। এখানে কোনো টাকা-পয়সার লেনদেনও হয়নি। তবে কেউ অফিসে এলে তাঁকে তো আর নিষেধ করা যায় না।এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, পিআইও অফিসে বসে পূজামণ্ডপের বরাদ্দের চাল কেনার কোনো সুযোগ নেই। আমরা মণ্ডপ কর্তৃপক্ষকে বরাদ্দপত্র দিয়ে দিচ্ছি। এরপর তারা চাল বিক্রি করবে, নাকি নিজেরা নিয়ে যাবে, সেটি তাদের বিষয়।সরকারি বরাদ্দের চালের বিপরীতে নগদ অর্থ প্রদানের ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি না, তা নিশ্চিত হতে চালের নির্ধারিত মূল্য, বরাদ্দপত্র হস্তান্তরের প্রক্রিয়া এবং মণ্ডপ কর্তৃপক্ষের স্বাধীনভাবে চাল সংগ্রহ বা বিক্রির সুযোগ যাচাই করা প্রয়োজন। বিশেষ করে সরকারি কার্যালয়ে বসে চাল কেনাবেচার অভিযোগের বিষয়ে প্রশাসনের সুস্পষ্ট অবস্থান এবং কার্যকর তদারকি জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উৎসবের আগে বরাদ্দের চাল নিয়ে যাতে কোনো মণ্ডপ কর্তৃপক্ষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য বিষয়টি খতিয়ে দেখার দাবি উঠেছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব