Logo
প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ || প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

চন্দনাইশে ১৪৬ বছরের ঐতিহ্যবাহী ‘পাগলাগারদ’ বিলুপ্তির পথে অবহেলা ও অর্থসংকটে জরাজীর্ণ স্থাপনা, ব্যাহত হচ্ছে মানসিক স্বাস্থ্যসেবা চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি: কালের বিবর্তন, দীর্ঘদিনের অবহেলা ও আর্থিক সংকটে হারিয়ে যেতে বসেছে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জোয়ারা গ্রামের প্রায় দেড়শ বছরের পুরোনো ঐতিহ্যবাহী চিকিৎসাকেন্দ্র ‘নিশি বৈদ্যের পাগলাগারদ’। স্থানীয়ভাবে ‘দাসের পাগলাগারদ’ নামে পরিচিত প্রতিষ্ঠানটি একসময় মানসিক ভারসাম্যহীন মানুষের চিকিৎসা ও আশ্রয়ের অন্যতম ভরসাস্থল হিসেবে পরিচিত ছিল। ১৪৬ বছর আগে কবিরাজ নিশি বৈদ্য এটি প্রতিষ্ঠা করেন বলে জানা যায়। পরবর্তীতে দামোদর ঔষধালয় নামে এর কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সরেজমিনে দেখা যায়, প্রতিষ্ঠানটির মূল ভবনের দেয়ালের পলেস্তারা খসে পড়েছে। ছাদে মরিচা ধরা টিন, জানালায় মরিচা ধরা লোহার গ্রিল। বৃষ্টিতে পানি পড়ে, শ্যাওলা জমে ভবনটি এখন জরাজীর্ণ। সংস্কারের অভাবে যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সময় বৃহত্তর চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানসিক সমস্যায় আক্রান্ত রোগীদের এখানে আনা হতো আয়ুর্বেদিক ও ভেষজ চিকিৎসার জন্য। স্বল্প খরচে চিকিৎসা পাওয়ায় দরিদ্র মানুষের কাছে এটি ছিল আশার আলো। কিন্তু প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা, আধুনিক চিকিৎসা ব্যবস্থা ও সরকারি সহায়তার অভাবে সেই জৌলুস এখন আর নেই। স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের দাবি, শুধু একটি চিকিৎসাকেন্দ্র নয়, এটি চন্দনাইশের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। দেড় শতাব্দীর পুরোনো এই প্রতিষ্ঠানটি মানসিক স্বাস্থ্যসেবার এক বিরল নিদর্শন। এলাকাবাসীর প্রত্যাশা, ঐতিহ্যবাহী এই ‘পাগলাগারদ’ টিকিয়ে রাখতে সরকার, স্বাস্থ্য বিভাগ ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। সংস্কার ও আর্থিক সহায়তা পেলে আবারও এটি মানসিক স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অন্যথায় কালের গর্ভে হারিয়ে যাবে ১৪৬ বছরের এক মানবিক ইতিহাস।

Tech taranga newsportal system