প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
স্তন ক্যানসার সচেতনতায় ঢাকা–বরিশাল রুটে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’ শুরু
হাসান মহমুদ, সংবাদদাতা ||
স্তন ক্যানসার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরতে রাজধানী ঢাকা থেকে বরিশাল অভিমুখে শুরু হয়েছে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা–২০২৬’। শুক্রবার সকালে বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। এতে অর্ধশতাধিক সক্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নিয়েছে।গোলাপি রঙে সজ্জিত বিশেষ বাসে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিশেষজ্ঞ সার্জন, ক্যানসারজয়ী ব্যক্তি, সংগঠক ও সংস্কৃতিকর্মীরা এ সচেতনতামূলক অভিযাত্রায় অংশ নেন। পথসভা, সংক্ষিপ্ত শোভাযাত্রা এবং সহজ বাংলায় লেখা তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণের মাধ্যমে বিভিন্ন এলাকার মানুষের মধ্যে স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা তৈরি করা এ কর্মসূচির মূল লক্ষ্য।আয়োজক সূত্রে জানা গেছে, শোভাযাত্রায় অংশ নেওয়া উল্লেখযোগ্য সংগঠনগুলোর মধ্যে রয়েছে ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশ, সিওসি, ওয়াইডব্লিউসিএ, খোরশেদ জাহান হক ক্যানসার রিসার্চ অ্যান্ড হসপিটাল, নারীপক্ষ, গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতাল, বিসিএফ, মানবিক উন্নয়ন কেন্দ্র, ফ্রেন্ড অব বাংলাদেশ, জামালপুর সমিতি ঢাকা, পল্লীমা মহিলা পরিষদ, অপরাজিতা, টিএমএসএস, সিসিইপিআরবি, হিল, রোটারি ক্লাব ও ইনার হুইল ক্লাব জেলা ৩২৮সহ বিভিন্ন সংগঠন।শুক্রবার সকালে ঢাকা থেকে যাত্রা শুরু করা শোভাযাত্রাটি শ্রীনগর, ভাঙ্গা, টেকেরহাট, রাজৈর, কালকিনি, টরকী বন্দর, গৌরনদী, বাটাজোর, শিকারপুর ও উজিরপুর হয়ে বরিশালে পৌঁছানোর কর্মসূচি রয়েছে। পথে নির্ধারিত স্থানগুলোতে সচেতনতামূলক আলোচনা ও লিফলেট বিতরণ করা হবে। পরে দলটি বরিশালে রাত্রিযাপন করবে।পরবর্তী পর্যায়ে বরিশাল থেকে নলছিটি, ঝালকাঠি, দুর্গাসাগর, বানারীপাড়া, বাবুগঞ্জ, রহমতপুর, মস্তফাপুর, মাদারীপুর, শরীয়তপুর ও নড়িয়াসহ প্রায় ৪০টি ছোট-বড় জনপদে প্রচার কার্যক্রম চালানো হবে। স্থানীয় অংশীজনদের সম্পৃক্ত করে পথসভা ও প্রচারপত্র বিতরণ শেষে শোভাযাত্রাটি ঢাকায় ফিরে আসবে। কর্মসূচিতে ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশ, গণস্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহযোগিতা করছে।এর আগে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী ও ক্যানসার রোগতত্ত্ববিদ অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, স্তন ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে চিকিৎসার মাধ্যমে নিরাময়ের সম্ভাবনা অনেক বেড়ে যায়। এ জন্য তৃণমূল পর্যায়ে নিয়মিত পরীক্ষা ও সচেতনতা কার্যক্রম জোরদার করা জরুরি।অনুষ্ঠানে বক্তব্য দেন ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট ও ক্যানসার প্রতিরোধ বিশেষজ্ঞ ড. সৈয়দ হুমায়ুন কবির। তিনি স্তন ক্যানসার প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত স্ক্রিনিংয়ের ওপর গুরুত্বারোপ করেন।আয়োজকেরা আশা করছেন, এ শোভাযাত্রার মাধ্যমে বিভিন্ন জনপদে স্তন ক্যানসার সম্পর্কে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর হবে এবং রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রবণতা বাড়বে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব