প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে শান্তিপূর্ণ শারদীয় দুর্গাপূজা সম্পন্ন: পুলিশ ও গণমাধ্যমকে আইজিপির ধন্যবাদ
মোঃ ফজলু মিয়া , সংবাদদাতা ||
দেশব্যাপী অত্যন্ত উৎসবমুখর পরিবেশ, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে। এই পূজার সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করায় বাংলাদেশ পুলিশের সব সদস্য এবং গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির বিপিএম।আজ পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় আইজিপি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।বার্তাটিতে উল্লেখ করা হয়, দুর্গাপূজার দিনগুলোতে বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিটের সদস্যরা যে পেশাদারত্ব, নিষ্ঠা ও কর্তব্যনিষ্ঠার পরিচয় দিয়েছেন, তা পূজার নিরাপত্তা রক্ষায় এক অনন্য ও প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। পুলিশ সদস্যদের এই দায়িত্বশীলতা বাহিনীর ভাবমূর্তি ও মর্যাদাকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।ভবিষ্যতের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের ভূমিকা প্রসঙ্গে আইজিপি বলেন, "আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামীতেও দেশের যেকোনো প্রয়োজন, দুর্যোগ ও সংকটময় মুহূর্তে পুলিশ সদস্যরা পেশাদারত্ব ও মানবিকতার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাবেন।" এ সময় তিনি পুলিশ সদস্যদের সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেন।
পাশাপাশি, পুলিশি কার্যক্রম ও জনকল্যাণমুখী উদ্যোগগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকার কথা স্মরণ করেন আইজিপি। তিনি বলেন, সাংবাদিকদের আন্তরিক সহযোগিতার ফলেই জনগণের মাঝে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে। আগামী দিনেও পুলিশ এবং গণমাধ্যমের এই পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব